মুম্বইতে আজ থেকে ছ’দিন ছুটিতে ডাব্বাওয়ালারা, বন্ধ অফিসে অফিসে খাবার সরবরাহ
বর্তমান | ৩০ মার্চ ২০২৬
মুম্বই, ৩০ মার্চ: ডাব্বাওয়ালা। এই কথাটি বানিজ্য নগরী মুম্বইএর কর্ম সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। এই ডাব্বাওয়ালাদের সরবরবাহ করা লাঞ্চ বক্সই মম্বইতে কর্মরত হাজার হাজার অফিস কর্মীদের ভরসা। কিন্তু আজ থেকে আগামী ৬ দিন ছুটিতে যাচ্ছেন এই সব ডাব্বাওয়ালারা। আনুমানিক পাঁচ হাজার ডাব্বাওয়ালা প্রতিদিন ২ লক্ষের বেশি মানুষের কাছে খাবার পৌঁছে দেয়। তারা ছুটিতে যাওয়া মানে চিন্তার ভাঁজ বিভিন্ন অফিসে কর্মরতদের কপালে। আজকের অনলাইন খাবার ডেলিভারির রমরমার যুগেও মম্বইতে ডাব্বাওয়ালাদের বিপুল চাহিদার কারণ তাদের নিয়মানুবর্তিতা এবং বাড়ির সুস্বাদু খাবার গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তারা বিভিন্ন বাড়ি থেকে রান্না করা খাবার সংগ্রহ করে এবং তা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়।
এই পরিষেবা আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডাব্বাওয়ালাদের সংগঠনের সভাপতি সুভাষ তালেকর। মহারাষ্ট্রের মাভাল, মুলসি, আম্বেরগাঁও, জুন্নার, খেদ, আকোলে এলাকা থেকেই এই সব ডাব্বাওয়ালারা মুম্বইতে আসেন। এই সময় এই সব এলাকায় ফসল তোলার স্থানীয় উৎসব হয়। ফলে মুম্বইতে কর্মরত ডাব্বাওয়ালারা বছরের এই সময়টায় নিজেদের গ্রামে ফিরে যান। তাদের গ্রাহকদের কাছে সংগঠনের তরফ থেকে এই ছ’দিন বিকল্প ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। ৫ এপ্রিল থেকে ফের কাজে ফিরবেন মুম্বই শহরের ডাব্বাওয়ালারা।