কীভাবে মৃত্যু রাহুলের? সামনে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট
বর্তমান | ৩০ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনে এল অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট। সেই রিপোর্টে জানানো হয়, জলে ডুবেই মৃত্যু হয় রাহুলের। তাঁর ফুসফুসে প্রচুর পরিমাণে বালি ও জল ঢুকে যায়। বেশ কয়েক ঘন্টারও বেশি সময় ধরে জলের নিচে ডুবে ছিল বলে মত চিকিৎসকদের। তদন্তে উঠে এসেছে ফুসফুস ফুলে গিয়ে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেড়ে গিয়েছিল। ফুসফুসের ভিতর বিপুল পরিমাণ বালি এবং নোনা জল এর উপস্থিতিও ধরা পরে রিপোর্টে। খাদ্যনালিতেও নোনা জল ও বালি পাওয়া গিয়েছে। শরীরে কোন অ্যালকোহল ছিল কিনা তাও খতিয়ে দেখছে চিকিত্সকরা।
গতকাল দীঘার কাছে তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যুহয় রাহুলের। বিকেল তিনটে নাগাদ শ্যুটিংয়ের ফাঁকে তিনি নৌকায় চড়েছিলেন বলে শোনা গিয়েছে। তারপর দীর্ঘক্ষণ তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ পরে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। সংকটজনক অবস্থায় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।
এই ঘটনায়, দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার সন্দীপকুমার বাগ বলেন, রাহুল বন্দ্যোপাধ্যায়কে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) অতীশ বিশ্বাস জানিয়েছেন, ওড়িশার তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শ্যুটিং হচ্ছিল। সেখানে জলে ডুবে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকরা তাঁকে বলে মৃত ঘোষণা করেন।