ফের বিতর্কে জড়াল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। ৩১ মার্চ ২০২৬-এর AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে হংকং। দীর্ঘ ১০ বছর পর কেরালায় অনুষ্ঠিত জাতীয় দলের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। কিন্তু ম্যাচের আগে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium) নিয়ে জটিলতা তৈরি হওয়ায় অনিশ্চয়তা বেড়েছে। স্টেডিয়াম সংক্রান্ত সমস্যার পুরো দায়ই চাপানো হচ্ছে AIFF-এর উপর।
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামের জন্য ম্যাচ আয়োজন ঘিরে বড় জট তৈরি হয়েছে। স্টেডিয়াম পরিচালনাকারী সংস্থা Greater Cochin Development Authority (GCDA) আয়োজকদের কাছে ম্যাচের জন্য ৩ লক্ষ টাকা ভাড়া এবং ২৫ লক্ষ টাকা সিকিউরিটি বাবদ অর্থ দাবি করে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই টাকা জমা না পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
স্থানীয় সূত্র অনুযায়ী, বারবার জানানো সত্ত্বেও অর্থ না মেলায় GCDA কঠোর অবস্থান নেয়। তারা স্পষ্ট জানিয়ে দেয়, ৩০ মার্চের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে না দিলে ম্যাচ আয়োজনের চুক্তি বাতিল করে দেওয়া হতে পারে।
ফলে ৩১ মার্চের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ম্যাচের আর মাত্র কয়েক দিন বাকি থাকায় আয়োজকদের উপর চাপ বাড়ছে, আর ফুটবলপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ।
২৭ মার্চ কেরালা ফুটবল অ্যাসোসিয়েশনের সাংবাদিক বৈঠক হওয়ার কথা থাকলেও কোচ খালিদ জামিল ও কয়েক জন ফুটবলারকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। একই কারণে ভারতীয় দলের অনুশীলনও বাতিল হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
AIFF এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারত বনাম হংকং ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ী কোচিতেই হবে। আমরা কেরল ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছি এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই সব প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আমাদের বিশ্বাস।’ ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও ম্যাচের টিকিট দ্রুত বিক্রি হচ্ছে। ইস্ট গ্যালারি ইতিমধ্যেই হাউসফুল, বড় দর্শক সমাগমেরই প্রত্যাশা করা হচ্ছে।