• ভোটের ময়দানে পারদ চড়ছে মুর্শিদাবাদে, জোরদার প্রচারে তৃণমূল এবং CPIM প্রার্থীরা
    এই সময় | ৩১ মার্চ ২০২৬
  • মুর্শিদাবাদের হরিহরপাড়া ও সুতি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার তুঙ্গে। সোমবার সকাল থেকেই দুই কেন্দ্রের প্রার্থীরা নিজ নিজ এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে নামেন। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের পাশাপাশি ছোট ছোট পথসভার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন CPIM এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। প্রখর রোদ উপেক্ষা করেই প্রার্থীরা এ দিন গ্রামের অলিগলি ঘুরে স্থানীয়দের কাছে ভোট ভিক্ষে করেন।

    হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে CPIM-ISF জোটের প্রার্থী জ়ামির মোল্লা এ দিন গজনিপুর এলাকা থেকে প্রচার শুরু করেন। শ্রীপুর হয়ে নামাপাড়া পর্যন্ত প্রতিটি বাড়িতে গিয়ে তিনি মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। দুপুরে এক দলের এক কর্মী-সমর্থকের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে আবারও প্রচারে ঝাঁপিয়ে পড়েন তিনি। প্রচারের ফাঁকে জ়ামির মোল্লা বর্তমান সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, এলাকায় শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং বহু স্কুল প্রায় বন্ধ হওয়ার মুখে। সঠিক সরকারি চিকিৎসা না পেয়ে মানুষকে চড়া দামে বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। পেঁয়াজ চাষিদের জন্য কোল্ড স্টোরেজ না থাকা এবং দমকল কেন্দ্রের অভাব নিয়ে তিনি স্থানীয় বিধায়ক ও সাংসদকে কাঠগড়ায় তোলেন।

    অন্য দিকে, সুতি বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর অঞ্চলে কোমর বেঁধে প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাস। সোমবার সকাল থেকেই তিনি পাড়ায় পাড়ায় ঘুরে স্থানীদের সমর্থন চাইছেন। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুফল মানুষ কী ভাবে পাচ্ছেন, তা তিনি প্রচারের হাতিয়ার করেছেন। ইমানি বিশ্বাসের মিছিলে এ দিন মহিলা ও যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক জায়গায় সাধারণ মানুষ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। উন্নয়নের ধারা বজায় রাখতে তিনি এলাকাবাসীর কাছে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। দুই কেন্দ্রেই এ দিন প্রচার ঘিরে রাজনৈতিক উৎসাহ ছিল তুঙ্গে।

  • Link to this news (এই সময়)