বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভোটে দাঁড়ানোর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তাঁর অভিযোগ, বেআইনি ভাবে তফসিলি শংসাপত্র জোগাড় করেছেন তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য।
স্বপন মজুমদারের অভিযোগ, তাঁরা জানতে পেরেছেন যে ঋতুপর্ণার বাবা-মা শঙ্কর আঢ্য এবং জ্যোৎস্না আঢ্য যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন নিজেদের সাধারণ ক্যাটিগরির প্রার্থী বলে উল্লেখ করেছিলেন। স্বপন মজুমদারের অভিযোগ, শঙ্কর ও জোৎস্না আঢ্য মহকুমা শাসককে প্রভাবিত করে একদিনের মধ্যে মেয়ের জন্য তফসিলি জাতির শংসাপত্র বের করেছেন৷ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সঙ্গেই নির্বাচন কমিশনেও লিখিতভাবে জানিয়েছেন বলে জানান স্বপন মজুমদার৷ ঋতুপর্ণা আঢ্যর মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছেন স্বপন৷
২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত আলাদা আলাদা সময় বনগাঁ পুরসভার চেয়ারম্যান ছিলেন জোৎস্না আঢ্য এবং শঙ্কর আঢ্য৷ স্বপন মজুমদারের অভিযোগ, ‘পুরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রধানমন্ত্রী আবাস যোজনার ১৯ কোটি টাকা তাঁরা আত্মসাৎ করেছিলেন৷ এছাড়া জল প্রকল্পে ৯৮ কোটি টাকা দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিতে ওঁরা জড়িত৷’
এই অভিযোগ পাল্টা তোপ দেগেছেন শঙ্কর আঢ্য। তিনি বলেন, ‘এতকাল কি স্বপনবাবু ঘুমিয়ে ছিলেন? ঋতুপর্ণা যখন প্রার্থী হয়েছে এবং জনসমর্থন যখন তাঁর দিকে ঝুঁকে পড়েছে। তখন এইসব মিথ্যে অভিযোগ তুলে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে৷’ তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তৃণমূল প্রার্থীকে কালিমালিপ্ত করার চক্রান্ত করা হচ্ছে।’ আইনের প্রতি তাঁদের সম্পূর্ণ আস্থা আছে বলেও জানিয়েছেন তিনি।