• ভোট দিতে পারবেন তো! ভিড় উপচে পড়ল ট্রাইব্যুনালে
    আজকাল | ৩১ মার্চ ২০২৬
  • মিল্টন সেন, হুগলি, ৩০ মার্চ: আবারও সেই লাইন। হয়রানি যেন কিছুতেই থামছে না। এবার ডিলিটেড ভোটারদের ভিড় উপচে পড়ল। ট্রাইবুনালে আবেদনের ভিড়। ভোট দিতে পারবেন কিনা সংশয়ে ভোটাররা।

     এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে অ্যাডজুডিকেশনে থাকা একাধিক ভোটারের নাম ডিলিট হয়ে গেছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তাদের ট্রাইবুনালে আবেদন করতে। অনলাইন এবং অফলাইনে হচ্ছে সেই আবেদন। চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে চলছে অফলাইনে আবেদন করার কাজ। সোমবার সেখানেই নজরে পড়ল চরম বিশৃঙ্খলার ছবি। আবেদন করতে আসা সাধারণ মানুষের অভিযোগ, সকাল থেকে রোদ্দুরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। অসংখ্য মানুষের ভিড়। স্টেডিয়ামের বাইরে লম্বা লাইন। বাইরে থেকে লাইন করে স্টেডিয়ামে ঢোকার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও লাইন লাইনের জায়গাতেই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রোদ্দুরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে সবাই চেঁচামেচি করলে তাদের স্টেডিয়ামের ভেতরে লাইনে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়। বহু বৃদ্ধ বৃদ্ধাদেরও এদিন লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

    অপেক্ষারতদের মধ্যে অনেকের ২০০২ সালের ভোটার লিস্টে নাম রয়েছে। কেউ কেউ আবার তাঁর আগে থেকে ভোট দিচ্ছেন, গত নির্বাচনেও দিয়েছেন। অথচ তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। কারোর আবার বাবা মায়ের নাম উঠলেও সন্তানের নাম ওঠেনি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তানের নাম বৈধ ভোটার তালিকায় উঠলেও তাদের পিতা মাতার নাম নেই বৈধ তালিকায়। বারবার একাধিক ইস্যুতে লাইনে দাঁড়িয়ে হয়রানির স্বীকার হচ্ছে বলে জানান সাধারণ মানুষ। কবে এই সমস্যা মিটবে, আদৌ এই বিধানসভা নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন অনেকেই।

     
  • Link to this news (আজকাল)