• ফের প্রশাসনিক পদে রদবদল, এবার ডেপুটি CEO-কে সরাল নির্বাচন কমিশন
    আজ তক | ৩১ মার্চ ২০২৬
  • রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ফের প্রশাসনিক পদে রদবদল। এবার ডেপুটি চিফ ইলেক্টোরাল অফিসারকে সরাল নির্বাচন কমিশন। ওই পদে ছিলেন সুব্রত পাল। তাঁকে সেই পদ থেকে সরিয়ে স্বাস্থ্য দফতরে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত সচিব পদে থাকা রাহুল নাথকে যুগ্ম  সিইও পদে নিয়োগ করা হয়েছে। 

    এছাড়াও ১৯৯৮ ব্যাচের WBCS অফিসার নরেন্দ্রনাথ দত্তকে শ্রম দফতরের অতিরিক্ত সচিব করে পাঠানো হয়েছে। ২০০০ ব্যাচের সুপ্রিয় দাসকে খাদ্য এবং প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিভাগের অতিরিক্ত সচিব করে পাঠানো হয়েছে। ২০০৪ ব্যাচের মিঠু দত্তকে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের যুগ্ম সচিব করে পাঠানো হল।

    নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ভোটের প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। গত কয়েকদিন ধরেই রাজ্যে একের পর এক গুরুত্বপূর্ণ পদে বদলির নির্দেশ দিয়ে এসেছে কমিশন। যার প্রতিবাদ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। 

    মালদায় তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে চারটি বিধানসভা কেন্দ্রের জন্য নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্তকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ ছিল, তাঁর স্ত্রীর সঙ্গে বিহারের বিজেপি নেতাদের ঘনিষ্ঠতা রয়েছে। তাঁর পরিবর্তে বিহার ক্যাডারের আইপিএস অফিসার হৃদয় কান্তকে নিয়োগ করার সিদ্ধান্ত নেয় কমিশন। 
  • Link to this news (আজ তক)