• দেবাংশুকে বুকে জড়িয়ে ধরলেন অসিত, মিটল চুঁচুড়ার আদি-নব্য দ্বন্দ্ব?
    এই সময় | ৩১ মার্চ ২০২৬
  • চুঁচুড়ায় দীর্ঘ দিন ধরে চলে আসা তৃণমূলের বিবাদ কি তবে মিটে গেল? সোমবার দেবানন্দপুরে ঘাসফুল শিবিরের এক জনসভায় তেমনটাই ইঙ্গিত মিলেছে। তিনবারের বিদায়ী বিধায়ক অসিত মজুমদার এ দিন দেবাংশু ভট্টাচার্যকে পাশে নিয়ে সভা করেন। শুধু তাই নয়, দেবাংশুকে সস্নেহে বুকে জড়িয়ে ধরে অসিত বলেন, ‘গত ১৫ বছরের অসমাপ্ত কাজ এ বার দেবাংশুই শেষ করবে।’ এই দৃশ্য দেখে স্বস্তিতে দলের স্থানীয় কর্মী-সমর্থকরা। অথচ মাত্র চব্বিশ ঘণ্টা আগেই দলেরই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।

    এ দিন সভামঞ্চ থেকে অসিত দাবি করেন, তিনি গত পনেরো বছরে এলাকায় প্রচুর উন্নয়ন করেছেন। দেবাংশুর মতো তরুণ নেতাকে বিধানসভায় পাঠাতে পারলে বাকি থাকা কাজগুলো অনায়াসেই সম্পন্ন হবে। তিনি সাধারণ মানুষকে ভয় না পেয়ে পাশে থাকার আশ্বাস দেন।

    অসিত বলেন, নতুন চুঁচুড়া গড়তে দেবাংশু যোগ্য নেতৃত্ব দেবেন। তাই তাঁকে জয়ী করে বিধানসভায় শপথ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ভোটারদের কাছে আবেদন জানান তিনি। এর ফলে দেবাংশুর সমর্থনে প্রচারের পালে নতুন হাওয়া লেগেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

    উল্লেখ্য, দলের টিকিট না পাওয়ায় গত কয়েকদিন ধরেই অত্যন্ত অভিমানী ছিলেন অসিত মজুমদার। এর জন্য তিনি সরাসরি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন। গত রবিবার তিনি অভিযোগ করেছিলেন, রচনার উস্কানিতেই দিদি তাঁর টিকিট কেটে দিয়েছেন। এমনকি দেবাংশু যদি রচনার সঙ্গে প্রচার করেন, তবে তাঁর হার নিশ্চিত বলেও মন্তব্য করেছিলেন তিনি। পাল্টা জবাবে নাম না করে রচনা বলেছিলেন, গত পনেরো বছরে চুঁচুড়ার মানুষ অনেক বঞ্চনার শিকার হয়েছেন। এখন সেই বিতর্কের মেঘ কাটিয়ে দেবাংশুকে সঙ্গে নিয়ে নতুন পথে হাঁটার বার্তা দিলেন অভিমানী বিধায়ক।

  • Link to this news (এই সময়)