• সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও অবসরপ্রাপ্তদের ডিএ নিয়ে বৈঠক, সূচি ঘোষণা অর্থ দপ্তরের
    এই সময় | ৩১ মার্চ ২০২৬
  • ভোটের দিনক্ষণ প্রকাশের আগেই বকেয়া ডিএ (Dearness Allowance) মেটানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মার্চের মাঝামাঝি সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়। এর মধ্যে সোমবার সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ সংক্রান্ত হিসেব-নিকেশ নিয়ে বৈঠকের সূচি ঘোষণা করল অর্থ দপ্তর (Finance Department)।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ মার্চের নির্দেশিকা অনুযায়ী, কর্মীদের প্রতি মাসে ডিএ এবং ডিআর সংক্রান্ত তথ্য সংকলনের কাজ চলছে। সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই আগামী ১ এপ্রিল বৈঠক ডেকেছে অর্থ দপ্তর। বৈঠকে উপস্থিত থাকবেন অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবও।

    অর্থ দফতরের কনফারেন্স হলে (রুম নং ১২০২) বিকেল ৪টেয় শুরু হবে বৈঠক। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কর্মী, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কিংবা অন্য কর্তাদের বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে নির্দেশিকায়। উল্লেখ্য, আগের নির্দেশিকাগুলিতে স্কুল,পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি ইত্যাদি সরকারি সাাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের কী ভাবে বকেয়া DA মেটানো হবে, সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। এই বৈঠকে সেই নিয়ে আলোচনা হতে পারে বলে ওয়াকিবহাল মহলের একাংশের অনুমান।  

    উল্লেখ্য, ২০০৮-এর এপ্রিল থেকে ২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত বকেয়া DA মেটাবে রাজ্য সরকার। ROPA 2009-এর আওতাভুক্ত কর্মচারীরাই এই বকেয়া টাকা পাবেন। দু’টি ধাপে এই বকেয়া DA দেওয়া হবে। প্রথম কিস্তির টাকা মার্চে পাঠানো হবে। দ্বিতীয় কিস্তি দেওয়া হবে চলতি বছরের সেপ্টেম্বরে। গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মীদের GPF অ্যাকাউন্টে পাঠানো হবে বকেয়া DA। আর গ্রুপ ডি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের দেওয়া হবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

    তবে রাজ্য সরকারি কর্মীদের ২০১৬–র জানুয়ারি থেকে ২০১৯–এর ডিসেম্বর, এই চার বছরের বকেয়া মহার্ঘ ভাতার ১০০ শতাংশই এক কিস্তিতে মেটাবে রাজ্য সরকার। ২৩ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছিল নবান্ন। এই টাকা অবসরপ্রাপ্ত কর্মী, মৃত কর্মীর ফ্যামিলি পেনশন প্রাপক এবং চতুর্থ শ্রেণির কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে। বাকিদের অর্থাৎ গ্রুপ এ, বি এবং সি–কর্মীদের টাকা জমা পড়বে জিপিএফ অ্যাকাউন্টে।

  • Link to this news (এই সময়)