• প্রতিষ্ঠিত নেতারা কেন প্রার্থী নন, প্রশ্ন কংগ্রেসে
    বর্তমান | ৩১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টিকিট না পেয়ে বিক্ষোভ যেমন দানা বাঁধছে, একইসঙ্গে দলের দুর্দিনে পুরনো প্রতিষ্ঠিত নেতানেত্রীদের প্রার্থী হতে না চাওয়া নিয়েও উঠছে প্রশ্ন। বিশেষত, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কেন প্রার্থী হতে চাইছেন না? কেন একা লড়ার সওয়াল করে এখন নিজেই ‘নিরাপদ’ থাকতে চাইছেন? শুভঙ্করবাবু নিজে না দাঁড়িয়ে তাঁর পুত্রকে শ্রীরামপুর থেকে প্রার্থী করতে চাইছেন বলেই খবর। 

    কংগ্রেস এখনেও পর্যন্ত ২৮৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে। বাকি রয়েছে ১০টি। তার মধ্যে বাদুড়িয়া কেন্দ্রে তৃণমূলের বিদায়ী বিধায়ক কাজি আবদুর রহিম (দিলু)কে দাঁড় করানো হবে। এবার তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। তাই সোমবার কংগ্রেসে যোগ দিলেন প্রয়াত কংগ্রেস নেতা কাজি আবদুর গফফরের পুত্র। ২৪ আকবর রোডে এআইসিসির সদর দপ্তরে তাঁকে উত্তরীয় পরিয়ে দলে শামিল করালেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত গুলাম আহমেদ মির। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। 

    কংগ্রেস ২৮৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। কিছু ক্ষেত্রে টিকিট না পেয়ে বিক্ষোভ বাড়ছে বলেই খবর। মেদিনীপুর পুরসভার তরুণ কাউন্সিলার মহম্মদ সইফুলকে টিকিট না দেওয়ায় দলের একাংশ ক্ষুব্ধ। মালদহের চাঁচলে আসিফ মেহবুবকে প্রার্থী করায় অনেকের ক্ষোভ রয়েছে। মুর্শিদাবাদে অধীররঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠ কয়েকজনকে প্রার্থী করতে প্রদেশ নেতৃত্বের আপত্তি থাকায় কোন্দল বাড়ছে। যদিও গুলাম মির বলেছেন, ৬ এপ্রিল প্রথম পর্বের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। তার মধ্যে কোথাও প্রার্থী বদল করার প্রয়োজন হতেই পারে। ২৯৪ আসনে কংগ্রেসের প্রার্থী হতে চেয়ে আড়াই হাজার আবেদন জমা পনেছিল। তার মধ্যেই যোগ্যদের বাছা হয়েছে। সবাইকে তো আর টিকিট দেওয়া সম্ভব নয়। 
  • Link to this news (বর্তমান)