বাস্তব অস্বীকার করে মোদির ঢাক পেটাচ্ছে সরকার, সরব বিরোধীরা
বর্তমান | ৩১ মার্চ ২০২৬
সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: ডলারের পরিপ্রেক্ষিতে টাকার মূল্য হু হু করে কমলেও সংসদে সরকারের দাবি, কোনো সমস্যা নেই। দেশের অর্থনীতি রয়েছে ‘সলিড।’ গোটা বিশ্বের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই সবচেয়ে জনপ্রিয় নেতা। বিরোধীদের প্রশ্ন এভাবেই নস্যাৎ করতে চাইলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তাঁর ডেপুটি তথা অর্থ রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী। বাস্তব অস্বীকার করে মোদির সাফল্যের ঢাক পেটানোর প্রবল সমালোচনায় সরব হল বিরোধীরা।
সোমবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বাধল বচসা। সরকার বনাম বিরোধী। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জমানায় ডলারের পরিপ্রেক্ষিতে টাকার মূল্য পতন হলে তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি কটাক্ষ করতে ছাড়েননি। এমনকি মনমোহন সিংয়ের বয়সের সঙ্গে টাকার মূল্য পতনের তুলনা করে উপহাস করতেও তাঁর রুচিতে বাঁধেনি। তাহলে এখন কী বলবেন প্রধানমন্ত্রী মোদি? সওয়াল করেন মহারাষ্ট্রের কংগ্রেস সাংসদ শ্যামকুমার দৌলত। সমালোচনা চড়ান সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব। তাঁদের প্রশ্ন, ২০১৪ সালের ডলারের পরিপ্রেক্ষিতে টাকার মূল্য ছিল ৬১.০২ টাকা। আর এখন তা হয়েছে ৯৩.৮০ টাকা। অর্থাৎ টাকার মূল্য পতন হয়েছে প্রায় ৪৯ শতাংশ। যার জেরে খাদ্যবস্তুর দাম বেড়েছে ৭২ শতাংশ। তারপরও মোদি সরকার দাবি করে দেশ এগচ্ছে। তৃতীয় অর্থনীতির দেশ হয়ে গিয়েছে। অথচ টাকার মূল্য পতন হচ্ছে। কী বলবে সরকার? জবাবে পঙ্কজ চৌধুরী বলেন, বিশ্বের বর্তমান পরিস্থিতির জন্য টাকার মূল্যের ফারাক হচ্ছে। তবে আমাদের অর্থনীতিতে কোনো সমস্যা নেই।
রাষ্ট্রমন্ত্রীর জবাব শুনে বিরোধীরা সমালোচনার সুর চড়ান। তার মোকাবিলা করতে হাল ধরেন নির্মলা সীতারামন। বলেন, বিরোধীরা যত সমালোচনাই করুন, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বসেরা। আমাদের দেশে ফরেন রিজার্ভ সলিড রয়েছে। আর তার জন্যই ডলারের মোকাবিলায় আমাদের অর্থনীতি বিশ্বের তুলনায় ঠিক চলছে। কোনো সমস্যা নেই।
এদিকে, অনুশীলনে গিয়ে খেলোয়াড়দের ওপর শারীরিক হেনস্তা নিয়ে সংসদে সরকারকে চেপে ধরল তৃণমূল। দলের লোকসভার সাংসদ দীপক অধিকারী (দেব) লিখিতভাবে সরকারের কাছে জানতে চেয়েছিলেন, দেশে কত খেলোয়াড়কে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে? স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া, ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনসে এরকম কত অপ্রীতিকর ঘটনা ঘটেছে? জবাবে ক্রীড়া মন্ত্রী মনসুখ ভাই মাণ্ডব্য লিখিতভাবে জানিয়েছেন, খেলোয়াড়দের ওপর যৌন হেনস্তা রুখতে সরকার এ ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং কড়া অবস্থান নেয়। তবে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় গত ১০ বছরে আটটি যৌন হেনস্তার অভিযোগ দায়ের হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের বিরুদ্ধে। পিএম ইন্টার্নশিপ প্রকল্প নিয়ে তৃণমূলের মালা রায়ের এক লিখিত প্রশ্নের উত্তরে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হর্ষ মালহোত্রা জবাবে বলেছেন, বাজেটে যা ঘোষণা হয়েছিল, তার চেয়ে আদতে বরাদ্দ কম করা হয়েছে। খরচ করা হয়েছে আরও কম।