বান্ধবীকে খুন, দেহ টুকরো করে ফ্রিজে রাখল নৌবাহিনীর কর্মী
বর্তমান | ৩১ মার্চ ২০২৬
হায়দরাবাদ: দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের ছায়া অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ভাড়ার ফ্ল্যাটে প্রেমিকাকে খুন। তারপর দেহ তিন টুকরো করে ফ্রিজে ও ট্রলি ব্যাগে ভরে খাটের নীচে রাখার অভিযোগ। শেষপর্যন্ত এক বন্ধুর পরামর্শে থানায় গিয়ে আত্মসমরপ্ণ করেন ছিন্তাদা রবীন্দ্র (৩০) নামে অভিযুক্ত।
জানা যাচ্ছে, গাজুওয়াকা এলাকার ওই ফ্ল্যাটে গত দু’বছর ধরে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন নৌসেনা কর্মী রবীন্দ্র। সম্প্রতি আর এক সন্তানের জন্মের পর স্ত্রী বাপের বাড়িতে থাকছিলেন। সেই সুযোগেই প্রেমিকাকে ফ্ল্যাটে ডেকে নিয়ে আসেন রবীন্দ্র। পুলিশ জানিয়েছে, ২০২১ সালে এক ডেটিং অ্যাপের মাধ্যমে পলিপাল্লি মৌনিকা নামে এক তরুণীর সঙ্গে আলাপ হয় অভিযুক্তর। তারপর দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। জেরায় রবীন্দ্র জানিয়েছেন, মৌনিকা তিন লক্ষ টাকা তাঁর কাছ থেকে নিয়েছিলেন। সেই টাকা ফেরত চাইলে রবীন্দ্রর স্ত্রীকে সম্পর্কের কথা জানিয়ে দেওয়ার ভয় দেখান মৌনিকা। এরজন্যেই প্রেমিকাকে খুনের ছক কষেন আইএনএস দেগায় কর্মরত রবীন্দ্র।
আগেই অনলাইনে অস্ত্র কিনে রেখেছিলেন। তারপর রবিবার মৌনিকাকে ফ্ল্যাটে ডেকে পাঠান তিনি। সেখানে ঝামেলা শুরু হলে প্রেমিকাকে কুপিয়ে খুন করেন রবীন্দ্র। তারপর দেহ টুকরো করে একটি অংশ ফ্রিজে রেখে দেন। মাথা ও হাত আদাবিবরম চত্বরের এক প্রত্যন্ত এলাকায় গিয়ে আগুনে পুড়িয়ে দেন। তারপর ফ্ল্যাটে ফিরে আসেন। এরপর এক বন্ধুকে ফোন করে তাঁর কাছে যান রবীন্দ্র। ওই বন্ধুর পরামর্শ মেনে থানায় আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ ওই ফ্ল্যাটে থেকে মৌনিকার দেহাংশ ও ঘাতক অস্ত্র উদ্ধার করেছে।