নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, মঙ্গলবার বিজেপিতে যোগ দিতে পারেন প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। সোমবার রাতে বিজেপি সূত্রে এমন সম্ভাবনার কথাই জানানো হয়েছে। সম্প্রতি কলকাতায় একটি পাঁচতারা হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করেছিলেন পেজ। তখনই তাঁর গেরুয়া শিবিরে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। সোমবার তিনি সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বলেও রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে। প্রশ্ন উঠছে, লিয়েন্ডারকে বাংলার কোনো আসনে প্রার্থী করে কি বিজেপি অন্তত একটি চমক দিতে চাইছে? যদিও বিজেপির একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, গেরুয়া শিবিরে যোগ দিলেও লিয়েন্ডার পেজের প্রার্থী হওয়ার সম্ভাবনা কম। উল্লেখ্য, রাজ্যে এখনও ১৯টি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে বিজেপির।