সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: কোচবিহারের ন’টি আসনের মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ আসন হল দিনহাটা। এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়ে মন্ত্রী হয়েছিলেন। তাই এই কেন্দ্রের উন্নয়ন-অনুন্নয়ন নিয়ে সাধারণ মানুষ যে চুলচেরা বিচার করে এবারের ভোট দেবেন তা বলাই বাহুল্য। বিরোধী বিজেপি দিনহাটায় অনুন্নয়নের অভিযোগ তুলছে ঠিকই কিন্তু নির্বাচনের আগে উদয়ন গুহ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর বিধায়ক উন্নয়ন তহবিলের শেষ কিস্তির ৩৫ লক্ষ বাদে বাকি সব টাকায় খরচ করে ফেলেছেন। শুধু বিধায়ক উন্নয়ন তহবিলের টাকাই নয়, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমেও দিনহাটা শহর ও গ্রামীণ এলাকায় ব্যাপক কাজ হয়েছে। যা কয়েকশো কোটি টাকার কাজ। এই উন্নয়নকে সামনে রেখেই উদয়ন গুহ এবারের নির্বাচনে লড়াই করতে চলেছেন। দিনহাটা শহরে সুইমিং পুল, স্টেডিয়াম, স্কুলের বিল্ডিং নির্মাণ সহ আরও নানা উন্নয়ন হয়েছে। গ্রামীণ এলাকায় জয়েস্ট ব্রিজ, রাস্তা, পানীয় জলের ব্যবস্থা সহ নানা ধরনের কাজও বিগত দিনে হয়েছে।
দিনহাটার তৃণমূল প্রার্থী তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, নির্বাচন ঘোষণার দু’দিন আগে ৩৫ লক্ষ টাকার কাজের একটা অনুমোদন এসেছে। সেই টাকা খরচ করতে পারিনি। বিধায়ক উন্নয়ন তহবিলের বাকি সব টাকাই খরচ হয়েছে। এছাড়াও অনেকগুলি জয়েস্ট ব্রিজ, রাস্তা, সুইমিং পুল, স্টেডিয়াম, স্কুলের উন্নয়ন সহ বহু কাজ বিধানসভা এলাকাজুড়েই হয়েছে। মানুষ সবই দেখেছেন।
দিনহাটার বিজেপি প্রার্থী অজয় রায় বলেন, দিনহাটায় বিধায়ক কোনো উন্নয়নই করতে পারেননি। একটা সুইমিং পুল হয়েছে। যেটা কোনো কাজে লাগে না। রাস্তাঘাটের কাজ নিম্নমানের হয়েছে।
কোচবিহারের সীমান্তবর্তী বিধানসভা দিনহাটা। দীর্ঘদিন এখানে উন্নয়নের তেমন ছোঁয়া পৌঁছয়নি। বাম জমাতে দিনহাটা রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকলেও উন্নয়নের তেমন কোনো প্রতিফলন কিন্তু এখানে ছিল না। উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হওয়ার পর দিনহাটায় পরিকাঠামোগত উন্নয়নের দিকে যেমন নজর দিয়েছেন, তেমনি শহরের সৌন্দর্যায়নের দিকেও বেশকিছুটা জোর দিয়েছেন। তাঁর উদ্যোগেই দিনহাটায় ওয়েলকাম গেট নির্মাণ করা হয়েছে। গ্রামীণ এলাকায় প্রচুর সেতু, কালভার্ট রাস্তা, জয়েস্ট ব্রিজ নির্মিত হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত বদলে গিয়েছে। এসবের প্রতিফলন বিধানসভা নির্বাচনে পড়বে কি না, তা সাধারণ মানুষ বিচার করবেন। কিন্তু বিজেপি যথেষ্ট জোরের সঙ্গে বলছে দিনহাটায় তেমন কোনো উন্নয়ন হয়নি। এসব নিয়ে তারা জোরদার প্রচারও চালাচ্ছে।