• ভোটের ময়দানের সঙ্গে দুই ফুলের যুদ্ধ সমাজমাধ্যমেও
    বর্তমান | ৩১ মার্চ ২০২৬
  • সোমেন পাল, গঙ্গারামপুর: দুই ফুলের যুদ্ধ ভোটের ময়দান ছাড়িয়ে এখন সমাজমাধ্যমেও। তৃণমূলের ডিজিটাল যোদ্ধা বনাম বিজেপির আইটি সেল। ভোটের আগে প্রচারে জোর টক্কর রাজ্যের শাসকদল ও প্রধান বিরোধী দলের মধ্যে। ভোট যত এগিয়ে আসছে, ততই দলীয় ন্যারেটিভ বিভিন্ন গ্রুপ ও সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল ও বিজেপি। তবে রাজনৈতিক মহল মনে করছে, ডিজিটাল যুদ্ধে কিছুটা এগিয়ে তৃণমূল। এবারের ভোটে দক্ষিণ দিনাজপুর জেলার নজরকাড়া আসন বালুরঘাট। সেখানে বিজেপি প্রার্থী হিসেবে নতুন মুখ বিদ্যুৎ রায়কে সামনে আনা হয়েছে।   ভিডিও’র মাধ্যমে তাঁর কর্মজীবন ও রাজনৈতিক অতীত তুলে ধরে  সমাজমাধ্যমে জোর প্রচার চালাচ্ছে তৃণমূল। ভিডিওতে তৃণমূল আবেদন করছে, যাতে বালুরঘাটের মানুষ বিজেপিকে ভোট না দেয়। একইভাবে গঙ্গারামপুরের বিজেপি প্রার্থী সত্যেন রায়কেও ‘বহিরাগত’ তকমা দিয়ে এবং চাকরির নামে অর্থ তোলার অভিযোগ তুলে ভিডিও প্রচার করা হচ্ছে। সমাজমাধ্যমে শুধু বিরোধীদের বিরুদ্ধে প্রচারই নয়, দলীয় প্রার্থীদের বিভিন্ন প্রচার, কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া পাওয়ার ভিডিও তুলে ধরছে তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা। প্রার্থীরা কীভাবে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন, তারও নানা মুহূর্ত ফ্রেমবন্দি করে ভিডিও তৈরি করে সমাজ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করা হচ্ছে। এতে তরুণ সমাজের কাছে সহজে পৌঁছতে পারছে তৃণমূল। দলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, দলকে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে ডিজিটাল যোদ্ধারা কাজ করছেন। বিজেপির মতো আলাদা আইটি সেল না থাকলেও সাধারণ মোবাইল ফোন দিয়ে তাঁরা যেভাবে প্রচার চালাচ্ছেন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই যুদ্ধে আসরে নেমেছে বিজেপির আইটি সেলও। বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে নিশানা করে পোস্ট ও রিলস তৈরি করেছে বিজেপি। যেখানে রাজ্য সরকারের ঋণের পরিমাণ তুলে ধরে তৃণমূলকে ভোট না দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে। বিভিন্ন ইস্যুতে তৃণমূল সরকারের সমালোচনা করে সংক্ষিপ্ত ভিডিও’র মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। বিজেপির জেলা সহ সভাপতি অশোক বর্ধন বলেন, তৃণমূলের কাছে কোনো বাস্তব ইস্যু নেই। জেলার উন্নয়ন হয়নি বলেই তারা ভুয়ো অভিযোগ তুলে ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। 

    অশোকের সংযোজন, ভোটের ময়দানে লড়াইয়ের ক্ষমতা না থাকায় সমাজমাধ্যমে ব্যক্তি আক্রমণের নামে ভুয়ো অভিযোগ করছে তৃণমূল। আমাদের আইটি সেল ইতিবাচক প্রচারে বিশ্বাসী। যদিও তৃণমূল জেলা সভাপতির দাবি, বিজেপি ভোটের আগেই মানসিকভাবে পিছিয়ে পড়েছে। সবমিলিয়ে এবারের ভোটে ময়দানের পাশাপাশি সমাজমাধ্যমেও জোর লড়াই শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)