প্রক্রিয়াকরণ শিল্প কবে হবে? ভোটের মুখে আম নিয়েই প্রশ্ন আমজনতার
বর্তমান | ৩১ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, মালদহ: আমের জেলা মালদহ। আমের মরশুমেই ভোট। তাই আম নিয়েই শুরু হয়েছে চর্চা।
সবার আলোচনার নির্যাস-মালদহের আমকে কেন্দ্র করে এবার চাই প্রক্রিয়াকরণ শিল্প। ডান, বাম, গেরুয়া, সব রাজনৈতিক দলের দিকেই তাকিয়ে রয়েছেন মালদহের আম চাষি থেকে বাগান মালিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আম নিয়ে অনেক শিল্পের কথা বলে গিয়েছিলেন মাস দেড়েক আগে। সেসব কবে হবে, নাকি সবই ভোট প্রতিশ্রুতি, আলোচনায় উঠে আসছে সেকথাও।
ইংলিশবাজারের আম বাগান মালিক কমলেশ বিহানি বলেন, এখানে বড় বড় উদ্যোগপতিদের আসতে হবে। তাঁরা এখানে আম প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে পারলে আম চাষি, আম ব্যবসায়ীরা যেমন লাভ দেখতে পাবেন, কর্মসংস্থানও হবে। এটা হচ্ছে না বলেই বিঘার পর বিঘায় আম গাছ কেটে প্লটিং করে দিচ্ছেন মালিকরা।
মালদহের ফজলি, ল্যাংরা, হিমসাগর, লক্ষণ ভোগ, গোপাল ভোগ, আশ্বিনা জগদ্বিখ্যাত। এখানকার আমসত্ত্ব, আম কাসুন্দি, আচারও বিশ্ব বাজারে জায়গা করে নিয়েছে। অথচ মালদহকে কেন্দ্র করে প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠেনি। মালদহ থেকে জিতেই বামফ্রন্ট সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হয়েছিলেন সিপিএম নেতা শৈলেন সরকার। তাঁর আমলেই ফুডপার্ক তৈরি হয়েছিল ইংলিশবাজারে। সদিচ্ছার অভাবেই শহর লাগোয়া জায়গায় গড়ে ওঠা ফুডপার্কের উদ্দেশ্য পূরণ হয়নি বলে আলোচনার অন্ত নেই। ইংলিশবাজার শহরের বাসিন্দা সমাপ্তি রায়ের কথায়, আম প্রক্রিয়াকরণ শিল্প নিয়ে মাঝেমধ্যেই কথা হয়। শিল্প আর গড়ে ওঠে না। শুধু রাজনৈতিক দলের ইস্তাহারেই থেকে যায়।
রাজ্যে পালাবদলের পর, তৃণমূল জমানার গোড়াতেই খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হয়েছিলেন ইংলিশবাজারের তৎকালীন বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এখানে প্যাক হাউস তৈরি হলেও আম প্রক্রিয়াকরণ বেশিদূর এগতে পারেনি। শহরের এক কোণে থাকা ফুডপার্কের জায়গায় গড়ে উঠেছে হোটেল, আইসক্রিম ফ্যাক্টরি। আগাছায় ঢেকে গিয়েছে সেই প্যাক হাউস ।
ইংলিশবাজারের আরেক আম বাগান মালিক অশোক দাসের কথায়, জমি থেকে আলু তোলার পর প্রায় এক বছর পর্যন্ত হিমঘরে রাখার ব্যবস্থা আছে। অথচ মালদহে আম সংরক্ষণের কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি।