• মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টির আশঙ্কাও, চৈত্রশেষেই ভয়াবহ গরমের ইঙ্গিত, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?
    এই সময় | ৩১ মার্চ ২০২৬
  • বৃষ্টি যে হবে, সেই পূর্বাভাস আগেই ছিল। সোমবার সন্ধ্যায় কলকাতা এবং সংলগ্ন এলাকার পরিবেশ ছিল দমবন্ধকর। সঙ্গে ছিল গুমোট গরমও। রাতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবারও আবহাওয়ার এই ট্রেন্ড বজায় থাকবে।

    আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, মঙ্গলবার সারাদিনই আংশিক মেঘলা থাকবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশের আশেপাশে থাকবে। ফলে, আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগবেন সাধারণ মানুষ। তাপমাত্রাও সর্বাধিক ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বিকেলের পরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে।

    সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্য দিকে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি সেলসিয়াস কম। তবে, আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়বৃষ্টির পর্ব মিটলেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাঁকুড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ ছাড়া, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৫০–৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে তাপমাত্রা বাড়বে। সপ্তাহের শেষে পশ্চিমাঞ্চলে ৪০ ডিগ্রির আশেপাশে পৌঁছতে পারে তাপমাত্রা।

    উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে মেঘ কেটে আবহাওয়ার উন্নতি হতে পারে।

    তবে, সব মিলিয়ে চৈত্রের শেষ থেকেই যে ভাবে তীব্র গরমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা চিন্তায় ফেলেছে আবহবিদদের।

  • Link to this news (এই সময়)