• বৈদ্যুতিক আলোর বোর্ডের মাধ্যমে নবদ্বীপে ভোটপ্রচার জোড়াফুলের
    বর্তমান | ৩১ মার্চ ২০২৬
  • সংবাদদাতা , নবদ্বীপ: বিধানসভা নির্বাচন ঘিরে কার্যত উৎসবের আবহ তৈরি করেছে নবদ্বীপ তৃণমূল কংগ্রেস। নবদ্বীপের অধিকাংশ রাস্তার মোড়ে পাড়ায় আলোর বোর্ডের মাধ্যমে প্রচার শুরু করেছে তারা। তৃণমূলের দেখাদেখি প্রতিযোগিতায় নামতে চলেছে বিজেপিও। তারাও পাল্টা নবদ্বীপভূমে আলোর মাধ্যমে প্রচার সাজিয়ে তুলবে বলে চিন্তাভাবনা শুরু করেছে। অন্যদিকে সিপিএম জানিয়েছে, আমাদের ভরসা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আমাদের আলোর প্রতিযোগিতায় নামার কোনো প্রয়োজন নেই। 

    বৈষ্ণবতীর্থ চৈতন্যভূমি নবদ্বীপ হচ্ছে উৎসবের শহর। সারা বছর রাস,দোল ,ঝুলন প্রভৃতি কোনো না কোনো উৎসব লেগেই থাকে মঠ মন্দির গুলিতে। আর এরই অঙ্গ হিসাবে ভোট ঢুকে পড়ল নবদ্বীপের উৎসবের তালিকায়। এখন জায়গায় জায়গায়  তৃণমূল কংগ্রেস কার্ডবোর্ডে দলীয় প্রতীক একে আলোর জ্বালানোর ব্যবস্থা করেছে। সন্ধ্যে নামতেই বোর্ডগুলি জ্বলে ওঠে। সেখানে লেখা দলীয় উন্নয়নের প্রতীক, মানবতার প্রতীক, শান্তির প্রতীক, সংস্কৃতির প্রতীক, সার্বিক উন্নয়নের প্রতীক। প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে প্রচারে অভিনবত্ব এনে সাড়া ফেলে দিয়েছে  তৃণমূল।

     তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের  ফাঁসিতলা মোড়, ফাঁসিতলা চড়া পুরশ্চরণ মাঠ, স্টিমারঘাট রোড, পাতাল সাধু সরণি, দন্ডপাণিতলা ঘাট রোড, ষ্টেশন রোড সংলগ্ন বোসেস রোড, প্রাচীনমায়াপুর নিমতলা, বসাক পাড়া,রানিরচড়া সহ বিভিন্ন এলাকায় জোড়া ফুল প্রতীক সম্বলিত এই বোর্ড লাগানো হয়েছে। 

    নবদ্বীপ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোস্ট ভট্টাচার্য বলেন, সকালে রোদের কারণে বেশিরভাগ মানুষই এখন বিকেলের পর ঘর থেকে বের হচ্ছেন। মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন তা ইতিমধ্যেই বাড়ি বাড়ি প্রচার করছেন দলের মহিলা কর্মীরা। রাতের বৈদ্যুতিক আলোর  মাধ্যমে আমরা আমাদের প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার হয়ে প্রচার  মানুষের কাছে তুলে ধরছি।

    ফাঁসিতলার বাসিন্দা গৃহবধূ অনুভা কুন্ডু বলেন, দীপাবলীর সময় যেমন আলো দিয়ে বাড়ি ঘর সাজানো হয়। ঠিক তেমনি আমাদের এই ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় রংবেরঙের আলো দিয়ে বোর্ডের মাধ্যমে ভোটের প্রচার চলছে। বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী বলেন, বৈদ্যুতিক আলোর মাধ্যমে প্রচার আমরা এই মুহূর্তে করছি না। আমরা এখনও পর্যন্ত দেওয়াল লিখন শেষ করতে পারিনি। তবে আগামী দিনে এর মাধ্যমে প্রচার করার চিন্তাভাবনা রয়েছে। বামফ্রন্ট প্রার্থী স্বর্ণেন্দু সিংহ বলেন, আমরা খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। যে মানুষ রোদ ঝড় জলে নিজের জীবন জীবিকার তাগিদে রাস্তায় থাকে, সেই মানুষের কাছে দিন দুপুরের চড়া রোদেই আমরা পৌঁছে যাচ্ছি। সন্ধ্যের পর থেকে নবদ্বীপ শহরে প্রচার করছি। সেক্ষেত্রে বাড়তি আলোর প্রয়োজন পড়ে না। আমরা বাড়ি বাড়ি দলীয় প্রচারপত্রে একই সঙ্গে রাজ্যের সামগ্রিক দুর্নীতির বিষয়, কর্মসংস্থানের , শিক্ষা প্রসঙ্গ তুলে ধরছি।
  • Link to this news (বর্তমান)