• চন্দ্রকোণায় মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতির মাঝেই প্রচার, মনোনয়নপত্র তুললেন তৃণমূল প্রার্থী
    বর্তমান | ৩১ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, ঘাটাল: মঙ্গলবার চন্দ্রকোণার বওড়া গ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ সভা রয়েছে। তার আগের দিন জনসভার প্রস্তুতির মাঝেই মনোনয়নপত্র তুললেন তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই। ভোট যত এগিয়ে আসছে, চন্দ্রকোণায় রাজনৈতিক পারদ ততই চড়ছে। তাই এদিন ব্যস্ততার মাঝেও চুটিয়ে প্রচার করতে ভোলেননি সূর্যকান্তবাবু। এবার চন্দ্রকোণা বিধানসভার দিকে ঘাসফুল শিবিরের বিশেষ নজর রয়েছে। মঙ্গলবার দলীয় প্রার্থী সূর্যকান্ত দোলইয়ের সমর্থনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বিশাল জনসভা করবেন। ক্ষীরপাই পুরসভা লাগোয়া চন্দ্রকোণা-১ ব্লকের জাড়া পঞ্চায়েতের বওড়া গ্রামে এই জনসভা হবে।

    সেজন্য সোমবার সকাল থেকেই দম ফেলার ফুরসত ছিল না সূর্যকান্তবাবুর। নির্বাচনী প্রচারের পাশাপাশি দলনেত্রীর জনসভার প্রস্তুতির তদারকি করেছেন তিনি। এদিন খুব ভোরেই তিনি বওড়া গ্রামে পৌঁছে সভামঞ্চ পরিদর্শন করেন। নিরাপত্তার খুঁটিনাটি থেকে শুরু করে সাধারণ মানুষের বসার ব্যবস্থা-সবই নিজে দাঁড়িয়ে থেকে খতিয়ে দেখেন। বেলা গড়ালে জনসংযোগে বেরিয়ে পড়েন।

    এরপর দলের নির্দেশে মনোনয়নপত্র তোলার জন্য ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছে যান সূর্যকান্তবাবু। মনোনয়নপত্র তোলার পর তিনি বলেন, দিদি নিজে আমার হয়ে প্রচার করতে আসছেন। এর চেয়ে বড়ো পাওনা আর কিছু হতে পারে না। চন্দ্রকোণার মানুষ বরাবরই উন্নয়নের পক্ষে।বিকেল হতেই সূর্যকান্তবাবু সভাস্থলে ফিরে আসেন। হেলিপ্যাড ঠিক রয়েছে কিনা-তা মহড়া দিয়ে দেখা হয়। মহড়ার পর প্রার্থী বলেন, দলনেত্রীর সভা ঘিরে আমি খুব আশাবাদী। তিনি আসতে চলায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক আবেগ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। দিদির প্রতি ভালোবাসার টানেই বিধানসভা এলাকার বহু মানুষ বওড়ার সভাস্থলে উপস্থিত হবেন। সভায় ৩০হাজারের বেশি মানুষের ভিড় হবে বলেই আমাদের আশা। তৃণমূল সুপ্রিমোর জনসভার জন্য সোমবার রাত থেকেই বওড়া গ্রাম ও লাগোয়া এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারাও সভার প্রস্তুতি খতিয়ে দেখছেন। বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর বার্তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন চন্দ্রকোণার তৃণমূল কর্মীরা।  মনোনয়নপত্র তুলছেন তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)