• বেলডাঙা হিংসা: ধৃত ৩১জনকে ফের ১৪ দিনের জেল হেপাজত
    বর্তমান | ৩১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলডাঙা হিংসা কাণ্ডে ধৃতদের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। সোমবার কলকাতার বিচারভবনের এনআইএ’র বিশেষ আদালতের বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি ধৃত ৩১ জনকে ফের ১৪ দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। এনআইএ’র সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ এদিন আদালতে ধৃতদের জামিনের জোরালো আপত্তি জানান। তিনি বলেন,‘অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। তদন্ত চলছে। তাই এই অবস্থায় তাঁরা জামিন পেলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া কেস‑ডায়েরিতে যে-সমস্ত তথ্য‑প্রমাণ উঠে এসেছে, তা গুরুত্ব দিয়ে তদন্ত করছে এনআইএ। ধৃতদের কাছ থেকে যেসব মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, তা পরীক্ষার জন্য ফরেনসিকে পাঠানো হয়েছে। তার রিপোর্ট হাতে এলে তদন্তে আরও ‘গতি’ আসবে।’

    অন্যদিকে, ধৃতদের তরফে কৌঁসুলি ফজলে আহমেদ খান বলেন, ‘আমাদের মক্কেলদের বিরুদ্ধে এনআইএ অহেতুক কঠিন ধারায় মামলা দায়ের করেছে। তাদের জামিন দেওয়া হোক। জামিন পেলেও অভিযুক্তরা তদন্তে যাবতীয় সহযোগিতা করবে।’ এনআইএ অবশ্য জামিনের বিরোধিতা করে। বিচারক অভিযুক্তদের জামিনের আরজি খারিজ করে দিয়েছেন। আদালত সূত্রের খবর, এনআইএ তদন্তভার নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা দায়ের করে।     
  • Link to this news (বর্তমান)