• এসআই’কে মারধর, গ্রেপ্তার তিন
    বর্তমান | ৩১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তী থানার এক সাব ইনস্পেক্টরকে মাটিতে ফেলে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। বাসন্তী থানার নতুন আইসি প্রবীর ঘোষের নেতৃত্বে রবিবার রাতে অভিযান চালায় পুলিশ। বিভিন্ন জায়গা থেকে তিনজনকে পাকড়াও করা হয়। ধৃতদের মধ্যে অন্যতম হল ৬০ বছর বয়সি জাকির হোসেন মোল্লা। ঘটনার সময় তাঁকে গাছের গুঁড়ি নিয়ে পুলিশের দিকে তেড়ে যেতে দেখা গিয়েছিল। ধৃত অন্য দু’জনের নাম আরাফ মল্লিক এবং আবুবকর গাজি। ধৃতদের সোমবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। এই নিয়ে বাসন্তীর গোলমালের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১২। অশান্তির পর ন’জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। 

    পুলিশ জানিয়েছে, আইন হাতে তুলে নেওয়া এবং সরকারি কর্মীদের উপর হামলার ঘটনায় কোনো আপস করা হবে না। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারের সময়ে উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী। অভিযোগ, প্রচারের মাঝে তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায়। বাঁশ, লাঠি, রড নিয়ে চলে হামলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু সেখানে গিয়ে আক্রান্ত হন আট পুলিশকর্মী। বাসন্তী থানার সাব ইনস্পেক্টর সৌরভ গুহকে রাস্তায় ফেলে বাঁশপেটা করা হয় বলে অভিযোগ। 
  • Link to this news (বর্তমান)