• রামনবমীর একই মিছিলে তৃণমূল ও বিজেপি, উত্তেজনা বীজপুরে, শ্রীরামপুরে নাগরিক সমাজের প্রতিবাদ
    বর্তমান | ৩১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও চুঁচুড়া : সোমবার বিকেল। বীজপুরের হাজিনগরে একটি ক্লাবের উদ্যোগে রামনবমীর মিছিলে যোগ দেয় তৃণমূল ও বিজেপি। একই মিছিলেন যুযুধান দুই পক্ষের উপস্থিতিতে উত্তেজনা ছড়ায়। মিছিলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের পাশে হাঁটতে দেখা যায় হালিশহরের প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানিকে। ফলে তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছে। অন্যদিকে, এই মিছিলে সমর্থকদের নিয়ে পা মেলান বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী। তিনি জয় শ্রীরাম ধ্বনিও দেন। দুপক্ষের স্লোগানে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়, মাঝখানে ছিল বিশাল পুলিশ বাহিনী। ফলে অপ্রীতিকর কিছু ঘটেনি। তবে একই মিছিলে দুই পক্ষের উপস্থিতিতে গোলমালের সম্ভাবনা ছিল বলেই আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।   দুপুরে সিপিএম নেতা তড়িৎ তোপদারের সঙ্গে দেখা করেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং জগদ্দলের বিজেপির প্রার্থী রাজেশ কুমার। তড়িৎবাবু বলেন, যে কেউ আমার কাছে আসতে পারে। তবে এবার বামফ্রন্ট কঠিন লড়াই দেবে বলে দাবি করেন প্রবীন এই বাম নেতা। 

    উল্লেখ্য, এদিন নোয়াপাড়ার তৃণমূল নেতা সুনীল সিং বিজেপিতে যোগ দিয়ে তার ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নামিয়ে দিয়ে বিজেপির হয়ে প্রচারে নামবেন বলে জানিয়ে দিয়েছেন। নোয়াপাড়ায় কংগ্রেসের প্রার্থী হয়েছেন অশোক ভট্টাচার্য। তিনি জনসংযোগে নেমে পড়েছেন। বারাকপুরের কংগ্রেস প্রার্থী শম্ভু দাস সোমবার সকালে বারাকপুর গান্ধী ঘাটে শ্রদ্ধা জানিয়ে প্রচারে নেমে পড়েন।এদিকে, রামনবমীর মিছিল ঘিরে অশান্তির প্রতিবাদে মোমবাতি মিছিল করল শ্রীরামপুরের নাগরিক সমাজ। শহরের সংস্কৃতিকর্মী সমীর সাহা বলেন, রামনবমী নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু সেই মিছিল যদি নাগরিকদের স্বাভাবিক অধিকারে হস্তক্ষেপ করে তবে প্রতিবাদ করতেই হয়। শ্রীরামপুরের শহরের ঐতিহ্যকে নষ্ট করা হচ্ছে। তারই প্রতিবাদে মিছিল হয়েছে। প্রসঙ্গত, রবিবার রামনবমীর মিছিলকে ঘিরে শ্রীরামপুর বটতলা যানজট হয়েছিল। তারই জেরে মিছিলকারীদের সঙ্গে পথচারী ও টোটো চালকদের বিবাদ হয়। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
  • Link to this news (বর্তমান)