• কলেজ-হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি দিয়ে প্রচারে তৃণমূল, ডোমজুড়ে পালটা বিজেপির
    বর্তমান | ৩১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কলেজ ও আধুনিক হাসপাতালের দাবিকে সামনে রেখে ডোমজুড় বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝাঁপিয়েছে তৃণমূল। একই ইস্যুকে হাতিয়ার করে পালটা প্রচার চালাচ্ছে বিজেপিও। ফলে শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর ঘাটতি এবার নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে এই কেন্দ্রে।

    হাওড়া শহর সংলগ্ন ডোমজুড় বিধানসভা কেন্দ্রে নগরায়নের প্রভাব যেমন বেড়েছে, তেমনই বেড়েছে জনসংখ্যার চাপ। কিন্তু সেই তুলনায় প্রয়োজনীয় শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো গড়ে ওঠেনি বলেই অভিযোগ স্থানীয়দের। ভৌগোলিক কারণে এই বিধানসভার একাংশের মানুষকে হাওড়া শহরের উপর নির্ভর করতে হয়, আবার অন্য অংশের বাসিন্দাদের যেতে হয় জগৎবল্লভপুর বা বালি-জগাছা এলাকায়। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, এই কেন্দ্রে কোনো কলেজ বা পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল নেই। আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয় থাকলেও সেটি জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত হওয়ায় ডোমজুড়ের বহু পড়ুয়া সেখানে সুযোগ পান না। ফলে উচ্চশিক্ষার জন্য তাঁদের অনেককেই ভরসা করতে হয় বেলুড়ের লালবাবা কলেজ, নরসিংহ দত্ত কলেজ বা উত্তরপাড়ার বিভিন্ন কলেজে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও একই ছবি। ডোমজুড় গ্রামীণ হাসপাতাল রয়েছে জগৎবল্লভপুর কেন্দ্রের মধ্যে এবং কোনা হাসপাতাল বালি-জগাছায়। এই দুই হাসপাতালেই উন্নত চিকিৎসা পরিষেবার অভাব রয়েছে বলে অভিযোগ। ফলে অনেক ক্ষেত্রেই রোগীদের নিয়ে যেতে হয় হাওড়া হাসপাতাল বা বেসরকারি নার্সিংহোমে।

    এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দাবি স্পষ্ট। স্থানীয় বাসিন্দা রিমি ঘোষ, দেবর্ষি মণ্ডলের কথায়, ‘ডোমজুড়ে একটি কলেজ খুবই প্রয়োজন। সব ছাত্রছাত্রী বাইরে গিয়ে পড়তে পারে না, এতে অনেকের পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যায়।’ কৌস্তুভ বালা বলেন, ‘হঠাৎ কেউ অসুস্থ হলে কাছাকাছি ভালো হাসপাতাল না থাকায় সমস্যায় পড়তে হয়, বিশেষ করে রাতে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।’ এই জনমতের প্রতিফলন দেখা যাচ্ছে প্রার্থীদের প্রচারেও। এই দুই ইস্যুকে সামনে রেখেই প্রচারে নেমেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী তাপস মাইতি বলেন, ‘ডোমজুড়ের পড়ুয়াদের কলেজে পড়ার জন্য যেতে হয় অন্যত্র। একইভাবে চিকিৎসার ক্ষেত্রেও ভোগান্তি রয়েছে। মানুষ সুযোগ দিলে এই বিধানসভা এলাকায় একটি কলেজ ও আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে।’ অন্যদিকে বিজেপি প্রার্থী গোবিন্দ মণ্ডল শাসকদলকে কটাক্ষ করে বলেন, ‘১৫ বছর ক্ষমতায় থেকেও তৃণমূল সরকার কেন এই মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি? আমরা ক্ষমতায় এলে কেন্দ্রের সহযোগিতায় এখানে বড়ো কলেজ ও আধুনিক হাসপাতাল তৈরি করব।’ সব মিলিয়ে সাধারণ মানুষের চাহিদা ও রাজনৈতিক প্রতিশ্রুতির সমান্তরালে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার অভাবই ডোমজুড়ে ভোটের লড়াইয়ে বড়ো ফ্যাক্টর হয়ে উঠেছে।
  • Link to this news (বর্তমান)