রাস্তা তৈরি নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র বাদুড়িয়া, ছুরির কোপে নিহত এক যুবক
বর্তমান | ৩১ মার্চ ২০২৬
সংবাদদাতা, বসিরহাট: সোমবার রাস্তা তৈরিকে কেন্দ্র করে বাদুড়িয়ায় সংঘর্ষে নিহত এক। এদিন দুই পক্ষের লোকজনের সংঘর্ষে একপ্রকার রণক্ষেত্র হয়ে ওঠে বাদুড়িয়ার উত্তর রায়পুর। একটি ঢালাই রাস্তা তৈরির সময় বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ ধারালো অস্ত্র নিয়ে এক পক্ষ সামিনুর মণ্ডলের (৪৫) উপরে ঝাঁপিয়ে পড়ে। তাতে গুরুতর আহত হয় সামিনুর। তাঁকে উদ্ধার করে বাদুড়িয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। আহতদের প্রথমে বাদুড়িয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাঁদের বারাসত হাসপাতালে স্থানান্তরিত করেছেন।
এই বিষয়ে বাবু মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, জমির সমস্যার জন্য এলাকায় একটি ঢালাই রাস্তা তৈরির কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। এলাকার এক বাসিন্দা সামিনুর এদিন রাস্তা তৈরি করার জন্য মিস্ত্রিদের ডেকে নিয়ে আসেন। তাঁদের বলেন, রাস্তার কাজ করছেন না কেন? কাজ শুরু করুন। এদিকে, অন্য দুই এলাকাবাসী আব্বাসউদ্দিন গাজি ও সালাউদ্দিন এসে বলেন, জমির সমস্যা এখনও মেটেনি। আপনি কোন হিসাবে মিস্ত্রিদের নিয়ে এলেন? এনিয়ে প্রথমে সামিনুর সঙ্গে তাঁদের তর্কবিতর্ক শুরু হয়। এরপর আচমকাই সামিনুরের উপর ছুরি নিয়ে আক্রমণ চালানো হয়। তাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সামিনুর। তাকে আমরা সবাই মিলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। আমরা এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।