• সব বুথে এজেন্ট দেওয়া সম্ভব নয়, আক্ষেপ কংগ্রেস নেতার
    বর্তমান | ৩১ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: বিধানসভা ভোটের আগে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করে নিলেন দক্ষিণ ২৪ পরগনা ২ সাংগঠনিক জেলা কংগ্রেসের সভাপতি তপন মণ্ডল। সোমবার এই সাংগঠনিক জেলার ১৪ জন কংগ্রেস প্রার্থীকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। বারুইপুর, কাকদ্বীপ ও ক্যানিং নিয়ে গঠিত এই সাংগঠনিক জেলার সভাপতি এদিন বলেন, আমাদের পক্ষে সব বুথে এজেন্ট দেওয়া সম্ভব নয়। সেই শক্তি নেই। প্রশাসন সুষ্ঠুভাবে ভোট করালে ৭০-৮০ শতাংশ বুথে তাঁরা এজেন্ট দিতে পারবেন। এদিকে, কংগ্রেস এর প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যেই জেলার অনেক জায়গাতে অসন্তোষ দানা বেঁধেছে। বিক্ষুব্ধদের মধ্যে রয়েছেন জয়নগর মজিলপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুজিত সরখেল। তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগনা ২ সাংগঠনিক জেলায় কিছু ‘চোর-জোচ্চোরদের’ প্রার্থী করা হয়েছে। এমনিতেই এখানে কংগ্রেসের সংগঠন দুর্বল। এবার সেটাকে শ্মশানে পরিণত করতে উঠেপড়ে লেগেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। যদিও জেলা সভাপতি এই অভিযোগ অস্বীকার করে বলেন, দল যাকে যোগ্য মনে করেছে, তাঁকে প্রার্থী করেছেন। ক্ষোভবিক্ষোভ থাকতেই পারে। তবে এটা সাময়িক। আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
  • Link to this news (বর্তমান)