• বাইকের বিকট আওয়াজ, প্রতিবাদ করায় মারধর, ধৃত প্রোমোটার সহ ৪
    বর্তমান | ৩১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাইকের মডিফায়েড সাইলেন্সার থেকে বেরনো বিকট আওয়াজের প্রতিবাদ করাকে কেন্দ্র করে উত্তপ্ত হল পূর্ব যাদবপুরের যমুনানগর এলাকা। স্থানীয় বাসিন্দাদের লোহার রড, লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে প্রোমোটারের বিরুদ্ধে। এই ঘটনায় তিন-চারজন আহত হন। স্থানীয়রাও ওই প্রোমোটারের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাইক ভাঙচুর করে বলে অভিযোগ। প্রোমোটার অঙ্কিত জয়সওয়াল সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অঙ্কিতের একটি দামি মোটরবাইক রয়েছে। তাতে মডিফায়েড সাইলেন্সার লাগানো রয়েছে। যে কারণে বাইকটি চললেই তা থেকে বিকট শব্দ বের হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত হলেই প্রতিদিন ওই বাইক নিয়ে বের হয় অঙ্কিত। বিকট শব্দ করে এলাকা ঘুরে বেড়ায়। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। রবিবার রাত ৮টা নাগাদ অঙ্কিত ওই বাইক নিয়ে বের হলে প্রতিবাদ করেন রবি নামের এক যুবক। অভিযোগ, অঙ্কিত তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে। জানা গিয়েছে, রবি ও স্থানীয়রা অঙ্কিতের বাড়িতে যান এ নিয়ে আলোচনার জন্য। সেই সময় অঙ্কিত তার বন্ধুদের ফোন করে ডেকে পাঠায়। এরপর জনা আটেক যুবক লোহার রড, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয়। তারা রবি সহ কয়েকজনকে বেধড়ক মারধর করে। তাঁরা সকলেই আহত হন। উত্তেজিত লোকজন অঙ্কিতের বাড়ির সামনে দাঁড় করানো ওই বাইক ভেঙে দিয়ে যান। খবর পেয়ে আসে বিশাল পুলিশ বাহিনী। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। যদিও তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

    রবির শ্যালক থানায় অভিযোগ করলে পুলিশ খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করে। গ্রেপ্তার করা হয় অঙ্কিত সহ চারজনকে। বাকিরা পলাতক।  পুলিশ জেনেছে, অঙ্কিতকে বারবার নিষেধ করার পরেও বাইক নিয়ে এলাকায় দাপাদাপি করত। কান ফাটানো আওয়াজের ঠেলায় সাধারণ মানুষের টেকা দায় হয়ে পড়েছিল। এমনকি, রাতে ঘুমোতে পর্যন্ত পারতেন না। অত্যাচারের পরিমাণ বেড়ে যাওয়ায় রবিবার প্রতিবাদ করেছিলেন স্থানীয়রা।
  • Link to this news (বর্তমান)