• সঙ্গে প্যাড-স্ট্যাম্প, প্রচারে বেরিয়েও কাউন্সিলারের কাজ সারছেন বিজয়
    বর্তমান | ৩১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সঙ্গেই রয়েছে কলকাতা পুরসভার লোগো লাগানো কাউন্সিলারের প্যাড। পকেটে রবার স্ট্যাম্প। সেগুলি নিয়েই দোরে দোরে ঘুরছেন বিজেপি প্রার্থী। কেউ সই ও স্ট্যাম্প দেওয়া সার্টিফিকেট বা চিঠি চাইলে রাস্তায় দাঁড়িয়েই লিখে দিচ্ছেন তিনি। প্রচারে বেরিয়ে এভাবেই সকাল থেকে সন্ধ্যা— এলাকায় ঘুরলেন জোড়াসাঁকো কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয় ওঝা। কখনও বুক পকেট থেকে, কখনও আবার প্যান্টের পকেট থেকে স্ট্যাম্প বের করে শংসাপত্রে ছাপ দিচ্ছেন তিনি।

    জোড়াসাঁকো বিধানসভার অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এই বিজয় ওঝা। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি পুরসভায় এই ওয়ার্ড থেকে প্রতিনিধিত্ব করছেন তিনি। ভূমিপুত্র বিজয় ওঝাকেই এবার জোড়াসাঁকোয় তরুপের তাস বানিয়েছে বিজেপি। দিনভর দফায় দফায় প্রচার, কর্মী সম্মেলন, কৌশল নির্ধারণে বৈঠক করছেন পদ্ম শিবিরের প্রার্থী। ফলে পুরসভা সংক্রান্ত কাজ খানিকটা ধাক্কা খাচ্ছে বইকি! সেকারণেই প্যাড ও রবার স্ট্যাম্প সঙ্গে নিয়ে ঘুরছেন তিনি। এখন আর আলাদা করে ওয়ার্ড অফিস বা পার্টি অফিসে বসে কাজ করার ফুরসৎ নেই। কেউ ফোন করলে তাঁকে বলে দিচ্ছেন এখন অমুক জায়গায় প্রচারে আছি, চলে আসুন এখানে। বুক পকেট থেকে স্ট্যাম্প বের করতে করতে বিজয় ওঝা বলেন, এখন আর আলাদা করে ওয়ার্ড অফিসে বসার সময় পাচ্ছি না। তাই কেউ ফোন করলে তাঁদের ডেকে নিচ্ছি। কেউ কাগজপত্র নিয়ে এলে প্রচারের ফাঁকে রাস্তায় দাঁড়িয়েই সই করে দিচ্ছি। স্ট্যাম্প মেরে দিচ্ছি। আবার কারও কাউন্সিলারের প্যাডে চিঠি বা অন্যান্য শংসাপত্র দরকার হলে, গাড়িতে বসেই লিখে দিয়ে দিচ্ছি। 

    তাঁর কথায়, কাউন্সিলার হিসাবে এখন এভাবেই মানুষকে সময় দিচ্ছি। যে কেউ যখন তখন আমাকে ডাকলে পেয়ে যায়। আগামী দিনে বিধায়ক হয়েও এভাবেই এলাকার মানুষকে পরিষেবা দিতে চাই। আমি রাস্তাতেই আছি। পাড়ায় পাড়ায় ঘুরছি। 

    আগামী দিনে বিধায়ক হয়েও মানুষ আমাকে এভাবেই হাতের কাছেই পাবেন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)