• অবশেষে ভোট প্রচারে কংগ্রেস, বাড়ি বাড়ি জনসংযোগ তৃণমূল-বিজেপির
    বর্তমান | ৩১ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট ঘোষণা হওয়ার পর এক দফাতেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল। দফায় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করছে বিজেপি ও বাম শিবির। এই তিন দল ইতিমধ্যে প্রচার শুরু করে দিলেও কংগ্রেসের প্রার্থী ঘোষণা হচ্ছিল না। শেষমেশ রবিবার হাত চিহ্নের প্রার্থীদের নাম ঘোষণা করে কংগ্রেস। প্রায় সব পক্ষের প্রচার যখন মধ্যগগনে, তখন সবে প্রার্থীদের নাম ঘোষণা করে ময়দানে নেমে পড়েছে কংগ্রেসও। 

    সোমবার সকালে রাসবিহারী বিধানসভার ৮১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর কলোনিতে প্রচারে যান কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রচারে নামেন কংগ্রেস প্রার্থী প্রদীপ প্রসাদ। বিকালে এই ওয়ার্ডের অন্যান্য অঞ্চলে জনসংযোগ সারেন তিনি। অন্যান্য দিনের মতো সোমবারও সমান তালে প্রচার চালিয়ে গিয়েছে তৃণমূল-বিজেপি। এদিন ১ নম্বর তারাতলা, সিপিটি কলোনি এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ করেন বন্দর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। দক্ষিণ কলকাতার আরও এক ‘হেভিওয়েট’ তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস টালিগঞ্জ বিধানসভার ১১১ নম্বর ওয়ার্ডে হালকা মেজাজে প্রচার সারেন। গোষ্ঠতলা আবাসিক সমিতি ক্লাবে স্থানীয় তৃণমূল কাউন্সিলার সন্দীপ দাসের সঙ্গে টেবল টেনিস খেলতে দেখা যায় তাঁকে। 

    এদিন সকালে ৫৬ নম্বর ওয়ার্ডের মতিঝিল অঞ্চলের কনভেন্ট লেনে প্রচার সারেন এন্টালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা। সন্ধ্যায় বেলগাছিয়া অঞ্চলে রাজা মণীন্দ্র রোড, জীবনকৃষ্ণ মিত্র রোড, বিজলী দত্ত লেন সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ চালান কাশীপুর-বেলগাছিয়া বিধানসভায় জোড়াফুলের প্রার্থী অতীন ঘোষ। সকালে ৯ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে যান শ্যামপুকুর কেন্দ্রের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। বিকালে ২০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সরণি এলাকায় প্রচার সারেন তিনি। প্রচারের ময়দানে জোর লড়াই দিচ্ছে বামেরাও। এদিন বিকালে মুরারিপুকুর এলাকায় মানিকতলা কেন্দ্রের সিপিআই প্রার্থী মৌসুমি ঘোষের সমর্থনে প্রচারে নামেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রচার চালান শ্যামপুকুর কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী ঝুমা দাস। কসবার বাম প্রার্থী দীপু দাস বিকালে ঢাকুরিয়া লেভেল ক্রসিং থেকে প্রচার করেন। টালিগঞ্জের বাম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস এদিন বিকালে রানিকুঠি এলাকায় প্রচার সারেন। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ নিলয় মজুমদারও প্রচার করেন। ১২৭ নম্বর ওয়ার্ডে একটি রোড শো করেন বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। ওই কেন্দ্রে বাড়ি বাড়ি জনসংযোগ সারেন সিপিএম প্রার্থী  নীহার ভক্ত।
  • Link to this news (বর্তমান)