এই সময়, বসিরহাট ও জয়নগর: সার প্রক্রিয়ায় বিচারাধীন থাকা ভোটারদের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভোটের ট্রেনিং ছেড়ে পথে নামলেন বিএলও-রা। চলল মিছিল ও অবরোধ। সোমবার দুপুরে ঘটনার জেরে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বসিরহাট-২ ব্লকের খোলাপোতায় তৈরি হয় তীব্র যানজট।
এ দিন খোলাপোতায় শ্রী অরবিন্দ স্কুলের অডিটোরিয়ামে বিএলও-দের প্রশিক্ষণ ছিল। উপস্থিত ছিলেন বিডিও বিপ্লব বসাক, ইলেকশন ওসি অতনু দে। বসিরহাট উত্তর বিধানসভার বিএলও-রা উপস্থিত ছিলেন ট্রেনিং হলে। প্রশিক্ষণের শুরুতেই বিএলও-রা জানতে চান, সমস্ত নথি দেওয়ার পরেও কোনও কারণ ছাড়া কেন অ্যাজুডিকেশনে থাকা বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু তার কোনও সদুত্তর দিতে পারেননি নির্বাচন কমিশনের আধিকারিকরা। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন বিএলও-রা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। অডিটোরিয়াম থেকে মিছিল করে টাকি রোডের খোলাপোতা মোড়ে অবরোধ করেন বিএলওরা।
অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিএলও-দের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে তাঁরা বিডিও অফিসে গিয়ে বিক্ষোভদেখান। বিএলও-দের তরফে সাহাদাত উদ্দিন, আসলাম হক, শেখ ফাইজুল ইসলাম বলেন, 'বিচারাধীন তালিকায় থাকা নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ যাচ্ছে। নতুন ভোটারের আবেদন বাতিল করা হচ্ছে। শুনানি হয়নি এমন নাম বাদ চলে যাচ্ছে।' বিডিও বিপ্লব বসাক বলেন, 'ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিক্ষোভের ফলে ট্রেনিং চালানো সম্ভব হয়নি।'
অন্যদিকে, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মিনাখাঁ বিধানসভার ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের শঙ্করদহ গ্রামে। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। অভিযোগ, সঠিক নথিপত্র জমা দেওয়ার পরেও ২৪২ ও ২৪৩ নম্বর বুথে মোট ৩৯৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। স্থানীয় বাসিন্দা আলি আহমেদ খান বলেন, 'আমরা ১৯১৮ সাল থেকে এই এলাকার বাসিন্দা। প্রজন্মের পর প্রজন্ম এখানে থাকছি এবং নির্বাচনে ভোট দিয়েছি। তার পরেও আমাদের নাম বাদ দেওয়া হয়েছে।'
সার-এর চূড়ান্ত তালিকায় নাম বাদ যাওয়ার প্রতিবাদে জয়নগর-২ ব্লকের গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জয়নগর বিধানসভার ২৫২ নম্বর বুথের ১০৫৮ জন ভোটারের মধ্যে ২৮৬ জনের নাম বাদ দিয়েছে বলে অভিযোগ। তাঁদের মধ্যে ১৫৪ জন মহিলা ও ১৩২ জন পুরুষ। স্থানীয়দের দাবি, তাঁরা বৈধ ভোটার হলেও অনৈতিক ভাবে তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এ দিন বেলেদুর্গানগরের রাস্তায় মহিলারা ঝাঁটা, জুতো হাতে নিয়ে বিক্ষোভদেখান। রাস্তায় জ্বালানো হয় টায়ার।