এই সময়, নরেন্দ্রপুর: নির্বাচন আবহে শহরে ফের গুলি চলার ঘটনা ঘটল। রবিবার রাতে পূর্ব যাদবপুরের পাশাপাশি দক্ষিণ শহরতলির বোড়ালেও গুলি চলে। বোড়াল শ্মশান সংলগ্ন গার্লস হাইস্কুলের কাছে গলির মধ্যে থেকে তিন রাউন্ড গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে যান। দেখা যায়, এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত যুবকের নাম সিদ্ধার্থ দাস। তাঁর হাতে ও পেটে গুলি লেগেছে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানার পুলিশ অরিজিৎ কর্মকার ওরফে সানি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সানির বাড়ি বোড়ালের ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে।
রবিবার রাতে যেখানে গুলি চলেছে, সেটি কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ড ও রাজপুর-সোনারপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল। গুলির খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নরেন্দ্রপুর থানা ও কলকাতা পুলিশের বাঁশদ্রোণী থানার পুলিশ। আহত সিদ্ধার্থের মা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সোমবার পুলিশ নাকতলা থেকে সানিকে গ্রেপ্তার করে। সিদ্ধার্থ ঠিকাদার হিসেবে কাজ করেন। সানি তেমন কিছু করেন না, তাঁর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ আছে। পুলিশের দাবি, রবিবার গভীর রাতে শ্মশানের কাছে একটি গলিতে দু'জনে মদ্যপান করছিলেন। সেই সময়ে বাদানুবাদ থেকে সানি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। একটি মিস ফায়ার হলেও একটি গুলি সিদ্ধার্থের হাতে লাগে এবং আর একটি গুলি পেট ছুঁয়ে চলে যায়।
স্থানীয়রা ছুটে এলে সানি বাইক নিয়ে পালিয়ে যায়। বারুইপুর পুলিশ জেলার এক কর্তা বলেন, 'যেখানে গুলি চলেছিল সেটি বাঁশদ্রোণী থানার অন্তর্গত। অযথা হয়রানি রুখতে আমরা আহতের পরিবারের অভিযোগ গ্রহণ করি। মামলা বাঁশদ্রোণী থানায় স্থানান্তর করা হবে।'