ভোটের ময়দানে বিজেপির বিরুদ্ধে SIR-কে ইস্যু করছে তৃণমূল। ফের সেটা স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন নির্বাচন কমিশনের অফিসে। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, সন্দেহজনক ভাবে ফর্ম-৬ জমা করে বাংলার বাসিন্দা নন, এমন বিপুল সংখ্যক ব্যক্তির নাম নতুন করে ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। সেই অভিযোগ নিয়েই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ মার্চ, মঙ্গলবার চন্দ্রকোণার ক্ষীরপাইয়ের চড়কডাঙা ময়দানে সভায় মমতার তোপ, ‘যে নামগুলি বাদ গিয়েছে। সেগুলি এখনও তোলা হয়নি। এখন বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান থেকে নাম ঢোকাচ্ছে।’ বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার দাবি, বাংলার মানুষকে বাদ দিয়ে ডবল ইঞ্জিন সরকার আপনার ভোট দখল করতে চাইছে, সোমবারও নির্বাচন কমিশনে ৩০ হাজার নাম জমা দিয়েছে। তাঁরা বাংলার কেউ নয় বলে তাঁর দাবি। এ দিন বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘SIR মানে সর্বনাশ। আমি সুপ্রিম কোর্টে কেস করেছিলাম। সব অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি।’ চন্দ্রকোণার পরে গড়বেতা হাইস্কুল ময়দানের জনসভা থেকেও একই বিষয় নিয়ে তোপ দেগেছেন মমতা।
যাঁদের ভোটার তালিকায় নাম রয়েছে, তাঁদেরও নিশ্চিন্ত হয়ে বসে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। ভোটার তালিকায় কোনও কারচুপি করা হচ্ছে কি না, বুথ স্তর থেকে তা নজর রাখার বার্তা দিয়েছেন তিনি। যাঁদের নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে, তাঁদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুই সভা থেকেই তিনি বলেছেন, ‘যাঁদের নাম বাদ দিয়েছে আপিল করুন, বিনা পয়সার আইনজীবীর ব্যবস্থা করব।’
সম্প্রতি হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় আলু চাষ নিয়ে সমস্যার কথা বলেছেন চাষিরা। আলুর দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন চাষিরা। বিষয়টি নিয়ে প্রচারে তোপ দাগছেন বিজেপি প্রার্থীরা। আলুর দাম না পাওয়া নিয়ে তৃণমূলকে নিশানা করছে বিজেপি। এই আবহেই পাল্টা মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চন্দ্রকোনার চাষিদের সমস্যা আছে। আলু নষ্ট হলে সরকার ক্ষতিপূরণ দেবে, বিমা করানো আছে। তাঁর বার্তা, ‘আলুর ক্ষতিপূরণ চান? তৃণমূলকে ভোট দিন’। এর সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, ‘তৃণমূল এখন সমুদ্র, কিছু করতে পারবে না। এক একটা ঢেউয়ে আছড়ে দেবে।’