• ‘তৃণমূল এখন সমুদ্র, কিছু করতে পারবে না’: মমতা
    আজকাল | ৩১ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:  চন্দ্রকোণার ক্ষীরপাইয়ের চড়কডাঙ্গা থেকে ফের একবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি এদিনের সভা থেকে আলুচাষীদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, ‘আলুচাষিদের ক্ষতি হলে সরকার পাশে থাকবে। আলু নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি।’ 

    এদিন ফের একবার এসআইআর নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘ভোটের তিনমাস আগে থেকে মানুষের নাম বাদ দেওয়া চলছে। অনেক সাধুদের নামও বাদ দেওয়া হচ্ছে। সকলকে নিয়েই রাজনীতি করছে বিজেপি। তবে এতকিছু করে কিছু লাভ হবে না। মানুষ নির্বাচনের পর বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে। তৃণমূল এখন সমুদ্র, কিছু করতে পারবে না। এক একটা ঢেউয়ে আছড়ে দেবে।’ 

    এদিনের সভা থেকে তিনি ফের একবার বিজেপিকে দিল্লি থেকে উৎখাতের ডাক দেন। তিনি বলেন, ‘বিজেপির বুদ্ধিনাশ হয়েছে। তাই সাধারণ মানুষকে ভুগিয়ে মারছে তারা। তবে নির্বাচনের পর মানুষের কাছ থেকে বিজেপির ছবি হারিয়ে যাবে। আগামীদিনে টার্গেট দিল্লি। সেখান থেকে বিজেপিকে সরিয়ে ফেলতে হবে। বাংলার মানুষ কী খাবে সেটাও যদি বিজেপি ঠিক করে দেয় তাহলে সাধারণ মানুষের স্বাধীনতা বলে কিছুই থাকবে না। এমন দলকে কেউ যেন একটি ভোটও না দেয়।’ 

    এসআইআর বিচারের দিকটি তুলে ধরে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘এখন বিজেপি এসআইআর করছে। এরপর করবে এনআরসি। সঠিক বিচারের জন্য সর্বত্র গিয়েছি। আগামীদিনেও যাব। যাদের নাম চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে তারা যেন দ্রুত নিজেদের নাম তোলেন। যদি এবিষয়ে কোনও সহায়তা দরকার হয় তাহলে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে গিয়ে যোগাযোগ করুন। সেখান থেকে বিনা পয়সায় আইনি সহায়তা দেওয়া হবে।’  

    এদিন ঘাটাল প্ল্যান নিয়েও মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার কোনও সহায়তা করেনি। তবে রাজ্য সরকার কাজ শুরু করে দিয়েছে। এই কাজে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুত কাজ শেষ করা হলে সবার সুবিধা হবে।’ 

     
  • Link to this news (আজকাল)