সাপ-লুডো খেলায় তৃণমূলের প্রচার, ‘উন্নয়নের’ সিঁড়ি সরকারি প্রকল্প, সাপের মুখে কেন্দ্র
দৈনিক স্টেটসম্যান | ৩১ মার্চ ২০২৬
সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস খুব শীঘ্রই একটি বিশেষ সাপ-লুডোর বোর্ড প্রকাশ করতে চলেছে। এই বোর্ডে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে ‘সিঁড়ি’ হিসেবে দেখানো হয়েছে, যা খেলোয়াড়কে দ্রুত উপরে তুলে দেয়। অন্যদিকে ‘সাপ’ হিসেবে দেখানো হয়েছে কেন্দ্রীয় সরকার বা বিজেপির নেতাদের, যাদের ঘরে পড়লে ঘুঁটি নীচে নেমে যেতে হয়। অর্থাৎ, প্রতীকীভাবে উন্নয়ন বনাম বঞ্চনার বার্তা তুলে ধরতেই এই পরিকল্পনা।
বোর্ডের বিভিন্ন ঘরে ‘বাংলার বাড়ি’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-সহ একাধিক প্রকল্পের উল্লেখ রয়েছে। যেমন, ৯ নম্বর ঘরে থাকা ‘বাংলার বাড়ি’ থেকে সিঁড়ি বেয়ে সরাসরি ৩০ নম্বরে পৌঁছনো যায়, যেখানে প্রকল্পের সুফল দেখানো হয়েছে। আবার ১২ নম্বর ঘরের ‘লক্ষ্মীর ভান্ডার’ থেকে সোজা ৯৬ নম্বরে ওঠার সুযোগ রয়েছে, যা বোর্ডের দীর্ঘতম সিঁড়ি। তবে ‘জয় বাংলা’ লেখা ১০০ নম্বর ঘরে পৌঁছতে গেলে খেলোয়াড়কে পেরোতে হবে একাধিক ‘সাপ’, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিকৃতি-সহ ‘দু’মুখো সাপ’।
এই লুডো বোর্ড গ্রাম ও মফস্সল এলাকায় বিলি করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। মূল লক্ষ্য, গ্রামের মহিলারা এবং অবসর সময়ে আড্ডায় মেতে থাকা সাধারণ মানুষ। কারণ, গ্রামীণ জীবনে লুডো এখনও জনপ্রিয় বিনোদনের একটি মাধ্যম। দুপুর বা বিকেলের অবসরে অনেকেই একসঙ্গে বসে এই খেলা খেলেন।
সময় বদলের সঙ্গে লুডো এখন আরও সহজলভ্য— মোবাইল অ্যাপের মাধ্যমেও তা খেলা যায়। ফলে শিশু থেকে প্রবীণ— সকলের কাছেই এটি গ্রহণযোগ্য। সেই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারে নতুন কৌশল নিচ্ছে তৃণমূল। খুব শিগগিরই এই লুডো বোর্ড আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে পারে বলে খবর।