• ভোটার তালিকা থেকে নাম বাদ, রাজ্য জুড়ে গণ বিক্ষোভ, জেলায় জেলায় অবরোধ
    এই সময় | ৩১ মার্চ ২০২৬
  • SIR তালিকা নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও কয়েক হাজার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় জেলায় জেলায় পথে নেমেছেন সাধারণ মানুষ। কোথাও নির্বাচন কমিশনের অফিস ঘেরাও, কোথাও আবার টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ ভোটাররা। মঙ্গলবার সকাল থেকেই উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা গিয়েছে একই চিত্র। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে।

    সবথেকে ভয়াবহ পরিস্থিতি মালদায়। ইংলিশবাজার বিধানসভার সাট্টারি গ্রামে বুথ পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন সাধারণ পর্যবেক্ষক (Observer)। তাঁকে প্রায় এক ঘণ্টা ঘেরাও করে রাখা হয়। গ্রামবাসীদের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁদের ডি-ভোটার (D-Voter) করা হয়েছে। এ ছাড়াও, মোথাবাড়ি বিধানসভার বাবলা এলাকায় ‘আগে ভোটার, পরে ভোট’ স্লোগান তুলে চলে বিক্ষোভ। একই পরিস্থিতি রতুয়া-২ ব্লকের পীরগঞ্জেও। ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে রতুয়া এলাকার সাপ্তাহিক হাট পর্যন্ত বন্ধ করে দিয়েছেন বাসিন্দারা।

    কালনার নিভুজি মোড় এলাকায় ভোটার তালিকা থেকে উধাও বিপুল সংখ্যক নাম। অভিযোগে রাস্তা অবরোধ করেন কয়েকশো মানুষ। অবরোধের জেরে কালনা-কাটোয়া STKK রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের দাবি, পাসপোর্ট ও বার্থ সার্টিফিকেট থাকা সত্ত্বেও রহস্যজনক ভাবে বুথ থেকে বাদ দেওয়া হয়েছে নাম। দ্রুত সমাধান না হলে তাঁরা আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

    উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদে ২০৭ নম্বর বুথের প্রায় ২৫৭ জনের নাম বাতিলের অভিযোগ। যার জেরে রাজপুর এলাকায় বসিরহাট-ন্যাজাট রোড অবরোধ করা হয়। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অন্য দিকে, অশোকনগরের গুমা এলাকায় যশোর রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেখানে প্রায় ৮০০ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। গুমা জোড়া ব্রিজের কাছে দীর্ঘ সময় অবরোধ চলায় জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা সরাসরি ভোট বয়কটের ডাক দিয়েছেন।

    শিলিগুড়িতেও ভোটার তালিকা নিয়ে ক্ষোভ।হাসমিচকে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল কংগ্রেসের একাংশ। কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে কমিশন এই কাজ করছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। পুলিশ ও আধা সামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • Link to this news (এই সময়)