• ফর্ম ৬ বিতর্কে CEO অফিসের সামনে ধুন্ধুমার, সামাল দিতে নাজেহাল পুলিশ
    এই সময় | ৩১ মার্চ ২০২৬
  • রাজ্যের নির্বাচন কমিশনের অফিসের সামনে রণক্ষেত্র পরিস্থিতি। তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক গন্ডগোলের অভিযোগ। মঙ্গলবার সকাল থেকেই ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ তুলতে থাকেন তৃণমূলপন্থী BLO-রা। অবৈধ ভাবে বিজেপি নাম তোলার চেষ্টা করছে বলে অভিযোগ তুলে স্ট্র্যান্ড রোডে CEO অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। অভিযোগ, হঠাৎই সেখানে এসে পৌঁছয় বিজেপির লোকজন। তার পরেই তুমুল অশান্তি শুরু হয়। রাস্তায় ছুটতে দেখা যায় পুলিশকে।

    CEO অফিসের সামনের রাস্তায় দেদার ইটপাটকেল ছোড়া শুরু হয়। বাঁশ, লাঠি নিয়ে দুই পক্ষ একে অন্যকে দিকে তেড়ে যায়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়।

    তৃণমূলপন্থী BLO সংগঠনের তরফে অভিযোগ, এক ব্যক্তি এসেছিলেন, যাঁর সঙ্গে ছিল ৪০০টি ফর্ম ৬। সংগঠনের সদস্যরা হাতেনাতে তাঁকে ধরে ফেলেন। সেই ব্যক্তিকে রীতিমতো টানাহ্যাঁচড়া করা হয়। কোনওক্রমে পুলিশ তাঁকে উদ্ধার করে। এরই মধ্যে বিজেপির লোকজন সেখানে উপস্থিত হন বলে খবর।

    বিজেপির বক্তব্য, তাঁদের কর্মীকে মারা হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রশ্ন, ওই ব্যক্তির সঙ্গে যে ফর্ম ৬ ছিল, তার প্রমাণ কোথায়? এর পরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকও এসে হাজির হন। অভিযোগ করেন, তাঁদের কর্মীকে মারা হয়েছে। এর পরেই একে অন্যের দিকে তেড়ে যায়। তুমুল অশান্তি শুরু হয়। পুলিশ গার্ডরেল দিয়ে আটকানোর চেষ্টা করলেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়।

    বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক বলেন, ‘আমরা বার বারই বলছি মানুষ যাকে ভোট দেবেন, সেটাই আমরা মাথা পেতে নেবো। আমরা মারামারি করতে চাই না। কিন্তু আমাদের লোকজনের উপরে হামলা হলো। আমার উপরে হাত তুলল, পুলিশ চুপচাপ দেখছে।’

  • Link to this news (এই সময়)