রাজ্যে ১০০ দিনের কাজের টাকা নিয়ে পাল্টা দাবি BJP'র
আজকাল | ০১ এপ্রিল ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্র থেকে রাজ্যে ১০০ দিনের কাজের টাকা আসছে না তৃণমূল কংগ্রেসের সদিচ্ছার অভাবে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই অভিযোগ করল বিজেপি। দলের পক্ষ থেকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবিষয়ে মঙ্গলবার বলেন, "রাজ্যে যে ১০০ দিনের কাজের টাকা আটকে আছে তার পিছনে তৃণমূল কংগ্রেসই দায়ী। কেন্দ্র বলেছিল 'লেবার বাজেট' জমা দাও। কিন্তু এই রাজ্যের সরকার সেটা দেয়নি। স্রেফ রাজ্যে একটা কেন্দ্র বিরোধীতার মনোভাব টিকিয়ে রাখার জন্য।"
প্রসঙ্গত, এরাজ্যের একাধিক জন উন্নয়নমূলক প্রকল্পের টাকা কেন্দ্র বন্ধ করে রেখেছে সেই অভিযোগে দীর্ঘদিন ধরেই সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লি 'অভিযান'ও করেছিল তৃণমূল। পাল্টা কেন্দ্র এই বিষয়ে কেন্দ্র জানায়, শর্ত মানলে তবেই টাকা দেওয়া হবে। বিষয়টি নিয়ে মামলা পর্যন্ত হয়েছে। যেখানে আদালত নির্দেশ দেয় উন্নয়নের টাকা আটকে রাখা যাবে না। কিন্তু বিজেপির অভিযোগ, সেই টাকা দেওয়ার জন্য কেন্দ্র ইচ্ছুক হলেও রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই টাকা দেওয়া আটকে আছে। সন্দেহ নেই, তৃণমূলের অভিযোগের উত্তর ভোটের ময়দানে এই নিয়ে সভা সমিতিতে সোচ্চার হবে বিজেপি। এর পাশাপাশি শমীকের অভিযোগ, রাজ্যে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের কাজ আটকে দিয়েছে রাজ্য সরকার।
এদিন রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন 'বেনিয়ম'-এর অভিযোগ তুলে ধরেন শমীক। বিজেপি সভাপতির দাবি, ক্ষমতায় আসার আগে যে শিক্ষাঙ্গনকে মমতা ব্যানার্জি দুর্নীতিমুক্ত করার ডাক দিয়েছিলেন সেই শিক্ষাক্ষণ আজ দুর্নীতির আঁতুরঘর।
বিজেপি সভাপতির এই অভিযোগের উত্তরে তৃণমূল কংগ্রেস নেতা এবং রাজ্য দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "এবছর রাজ্য বিধানসভা বাজেটে শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ হয়েছে ১৩ শতাংশের বেশি। অথচ কেন্দ্রের বাজেটে এই বরাদ্দ দুই শতাংশও নয়। দ্বিতীয় বিষয়টি হল শ্রমিকের সমস্যা। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন্দ্র ১০০ দিনের শ্রমিকের কাজের টাকা এখনও দেয়নি। মানুষ দেখেছেন লক ডাউন-এর সময় কীভাবে শ্রমিকদের খালি পায়ে হাজার কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে ফিরতে হয়েছে। ফলে বিজেপি যেন বড় বড় কথা না বলে।"