• ময়নাগুড়ি-শিলিগুড়ি থেকে মালদা, ভোটার তালিকায় নাম বাদ পড়ায় দফায় দফায় বিক্ষোভ
    আজ তক | ০১ এপ্রিল ২০২৬
  • Voter List Name Removal Protest North Bengal 2026: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিল উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে মালদহের রতুয়া। বিক্ষোভ প্রদর্শন করে কোথাও পরিবারের সাত সদস্যের মধ্যে চারজনের নাম গায়েব, আবার কোথাও বছরের পর বছর ভোট দিয়েও রাতারাতি তালিকায় ব্রাত্য হয়ে পড়েছেন শয়ে শয়ে মানুষ। প্রশাসনের এই ‘অস্বচ্ছ’ তালিকায় ক্ষুব্ধ আমজনতা এবার রাস্তায় নেমে আন্দোলনের পথ বেছে নিয়েছেন। ২০২৬-এর এই উত্তাল নির্বাচনী আবহে ভোটার তালিকার এই বিশৃঙ্খলা শাসক ও বিরোধী, উভয় শিবিরের রাজনৈতিক অঙ্ককেই ওলটপালট করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    মঙ্গলবার সকাল থেকেই এশিয়ান হাইওয়ে ৪৮-এর ওপর মাধবডাঙ্গা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো বাসিন্দা ধর্ণায় বসেন। অভিযোগ, আগাম কোনও বার্তা ছাড়াই ১৫টি বুথের প্রায় এক হাজার ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানচলাচল স্তব্ধ হয়ে পড়লে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দু’ঘণ্টা পর জয়েন্ট বিডিও ইঞ্জামুল হক আলোচনা ও নাম সংশোধনের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    সবথেকে ভয়াবহ চিত্র দেখা গিয়েছে মালদহে। ইংলিশবাজারের সাট্টারি গ্রামে বুথ পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের চরম বিক্ষোভের মুখে পড়েন সাধারণ পর্যবেক্ষক (Observer)। তাঁকে প্রায় এক ঘণ্টা ঘেরাও করে রাখা হয়। ২০০২ সাল থেকে ভোট দিয়ে আসা বাসিন্দাদের হঠাৎ ‘ডি-ভোটার’ তকমা দেওয়ায় ক্ষোভ চরমে পৌঁছেছে। রতুয়া-২ ব্লকের পীরগঞ্জেও একই ছবি; সেখানে প্রতিবাদে সাপ্তাহিক হাট পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। ‘আগে ভোটার, পরে ভোট’ স্লোগানে এখন উত্তাল মোথাবাড়ি এলাকাও।

    সমতলের প্রাণকেন্দ্র শিলিগুড়িতেও ভোটার তালিকা নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। হাসমিচকে অবস্থান বিক্ষোভে শামিল হন তৃণমূল কংগ্রেসের একাংশ। তাঁদের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলিহেলনেই নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়ার কাজ করছে। পুলিশের হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলেও, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। শিলিগুড়ির এই রাজনৈতিক উত্তাপ উত্তরবঙ্গের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

     
  • Link to this news (আজ তক)