নয়াদিল্লি, ৩১ মার্চ: ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। তাই সত্যি হল। বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। আজ, মঙ্গলবার দিল্লিতে কিরেন রিজিজু এবং সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পদ্ম শিবিরে নাম লেখালেন তিনি।
সম্প্রতি কলকাতায় একটি পাঁচতারা হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করেছিলেন পেজ। তখনই তাঁর গেরুয়া শিবিরে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। এর মধ্যেই গতকাল তিনি দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। প্রশ্ন উঠছে, লিয়েন্ডারকে বাংলার কোনো আসনে প্রার্থী করে কি বিজেপি অন্তত একটি চমক দিতে চাইছে? যদিও সেই সম্ভাবনা কম বলেই সূত্রের খবর।
এর মধ্যে চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তাতে ১৩ জনের নাম আছে। কলকাতার চৌরঙ্গী কেন্দ্রে সন্তোষ পাঠককে প্রার্থী করা হয়েছে। কিছুদিন আগে তিনি কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখান। উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সোমা ঠাকুরকে। পূর্ব বর্ধমানের মেমারিতে মানব গুহকে প্রার্থী করল বিজেপি। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে পীযূষকান্তি দাস, পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় প্রদীপ লোধা এবং পশ্চিম বর্ধমানের বারাবনি আসনে লড়বেন অরিজিৎ রায়।
এছাড়া ময়নাগুড়ি আসনে প্রার্থী বদল করল মোদির দল। কয়েকদিন আগে ওই কেন্দ্রে প্রার্থী হিসেবে বিদায়ী বিধায়ক কৌশিক রায়ের নাম ঘোষণা করা হয়েছিল। নিজের লোকজনদের নিয়ে তিনি প্রচারও শুরু করে দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার ময়নাগুড়ি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। টিকিট দেওয়া হয়েছে ডালিম রায়কে। তিনি দলের প্রাক্তন জলপাইগুড়ি জেলা সম্পাদক। বর্তমানে জেলা কমিটির সদস্য।