আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা কবে? প্রশ্ন বিজেপির অন্দরেই
বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
কলকাতা, ৩১ মার্চ: রাজ্যে প্রথম দফার ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অথচ এখনও বাংলার সব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। মঙ্গলবার চতুর্থ দফায় ১৩ জনের নাম প্রকাশ করা হয়েছে। তার পরেও বাকি রইল আরও ছ’টি আসনে প্রার্থী ঘোষণা।
আজ, মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। সূত্রের খবর, আগামী কয়েকদিনে এমন আরও কয়েকজন বিশিষ্টজনের যোগ দেওয়ার সম্ভাবনা। তাঁদের অনেকের নাম প্রার্থী তালিকায় দেখা যেতে পারে।
চতুর্থ দফার বিজেপির তালিকায় সন্তোষ পাঠকের নাম আছে। তাঁকে কলকাতার চৌরঙ্গী কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে টিকিট পেয়েছেন সোমা ঠাকুর। পূর্ব বর্ধমানের মেমারিতে মানব গুহকে প্রার্থী করল বিজেপি। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে পীযূষকান্তি দাস, পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় প্রদীপ লোধা এবং পশ্চিম বর্ধমানের বারাবনি আসনে লড়বেন অরিজিৎ রায়।