• রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার মাঝেই বচসা, সালকিয়ায় চলল গুলি
    এই সময় | ০১ এপ্রিল ২০২৬
  • হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় ফের চলল গুলি। মঙ্গলবার রাত এগারোটা নাগাদ সালকিয়া চৌরাস্তার কাছে শুট আউট। পুলিশ সূত্রে খবর, একটি রেস্তোরাঁয় স্থানীয় বাসিন্দা আকাশ যাদব এবং ভিকি দোলুইয়ের সঙ্গে খাওয়াদাওয়া করছিলেন রাহুল পাল নামে এক যুবক। আচমকাই তাঁদের মধ্যে হঠাৎ করে কোনও বিষয় নিয়ে বচসা শুরু হয়। এর পরে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আকাশ পকেট থেকে রিভালভার বের করে রাহুলকে লক্ষ্য করে গুলি চালান। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন রাহুল।

    গুলির শব্দে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা। ইতিমধ্যেই অভিযুক্ত আকাশ এবং ভিকি দু’জনকে আটক করেছে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের।

    তবে ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরোনো কোনও শত্রুতার জেরেই রাহুলকে খুনের চেষ্টা করা হয়েছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। অভিযুক্ত আকাশ কোথা থেকে রিভালবার পেলেন, তাও খতিয়ে দেখছে পুলিশ।

    মাস খানেক আগে গোলাবাড়ি থানার পিলখানা এলাকায় এক প্রোমোটারকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়েছিল। সেই ঘটনার মূল পাণ্ডা-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার পরে ফের প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে পিলখানায়। বারবার এই ধরণের ঘটনায় প্রশ্ন উঠছে হাওড়া সিটি পুলিশের নিরাপত্তা ও নজরদারি নিয়ে।

  • Link to this news (এই সময়)