• সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিমি, এবার বন্দে ভারত ‘মালগাড়ি’ও চালাবে রেল
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরও দ্রুত পণ্য পরিবহণের লক্ষ্যে এবার পণ্যবাহী বন্দে ভারত ট্রেন চালু করছে রেলমন্ত্রক। সরকারি সূত্রে জানা যাচ্ছে, দিল্লি এবং মুম্বই রুটে দেশের প্রথম বন্দে ভারত মালগাড়ি চালানো হতে পারে। ইতিমধ্যেই এর একটি ‘প্রোটোটাইপ’ ট্রেন রেক তৈরি করেছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)। আগামী সপ্তাহেই এর ট্রায়াল রান হতে চলেছে লখনউয়ের আরডিএসওর (রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন) তত্ত্বাবধানে। রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, পণ্যবাহী বন্দে ভারত ট্রেনের গতিও হবে ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ, বাণিজ্যিকভাবে চালুর পর এটি দেশের সবথেকে দ্রুত গতির ‘মালগাড়ি’ হতে চলেছে। 

    এই মুহূর্তে ভারতীয় রেলের নেটওয়ার্কে যেসব সাধারণ মালগাড়ি চলাচল করে, তার প্রতিটিরই সর্বোচ্চ গতি থাকে ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও নীচে। এমনকি ডেডিকেটেড পণ্যবাহী করিডর (ডিএফসি) দিয়ে চললেও তা অন্তত পণ্য পরিবহণকারী বন্দে ভারত ট্রেনের প্রস্তাবিত গতিতে চালানো হয় না। যদিও ডেডিকেটেড ফ্রেট করিডর দিয়ে যেসব মালগাড়ি চলাচল করে, সেগুলির গতি তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়। অন্তত এমনই দাবি রেলমন্ত্রকের শীর্ষ আধিকারিকদের। এর ফলে রেল বিশেষজ্ঞ মহলের ধারণা, সর্বস্তরেই পণ্য পরিবহণের ক্ষেত্রে বন্দে ভারতের ‘মালগাড়ি’ ট্রেন কার্যত রেকর্ড গড়তে চলেছে। পুরোদমে পণ্যবাহী বন্দে ভারত ট্রেন চলাচল শুরু হলে ধাপে ধাপে সাধারণ মালগাড়ি রেকগুলিকে বাতিল করে দেওয়া হবে। জানিয়েছে সূত্র। রেল সূত্রে জানা যাচ্ছে, পণ্যবাহী বন্দে ভারত ট্রেন ২৬৪ টন পর্যন্ত মাল বহন করতে সক্ষম হবে। এই ট্রেনও হবে ১৬ রেকের। 

    তবে এপ্রসঙ্গে আরও একটি গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মেল, এক্সপ্রেস ট্রেনের তুলনায় বন্দে ভারত ট্রেনের যাত্রী ভাড়া অনেকটাই বেশি। তেমনই সাধারণ মালগাড়ির তুলনায় এই বন্দে ভারত মালগাড়িতে ‘কনসাইনমেন্ট’ বুকিং করতে কি তুলনায় অনেকটাই বেশি অর্থ খরচ করতে হবে?  রেল সূত্রে এব্যাপারে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি।
  • Link to this news (বর্তমান)