পাটনা: যোগী আদিত্যনাথের মায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য। এমনই অভিযোগে গ্রেপ্তার মুসলিম ধর্মগুরু। সোমবার বিহারের পূর্ণিয়া থেকে অভিযুক্ত মৌলানা আবদুল্লা সেলিম কাসমিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্কফোর্স। রাতেই তাঁকে নিয়ে আসা হয় উত্তরপ্রদেশের বাহরিচে। পুলিশ জানিয়েছে, জেরায় অপরাধের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। মঙ্গলবার আদালতে পেশ করা হলে ধৃতের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সার্কেল অফিসার (শহর) নারায়ণ দত্ত মিশ্র জানিয়েছেন, ২০২৪ সালের মে মাসে ভাগলপুরের একটি অনুষ্ঠানে ওই বিতর্কিত মন্তব্য করেন সেলিম। গত মাসের শুরুতে তা সামাজিক মাধ্যমে সামনে আসে। এরপরই প্রতিবাদে পথে নামে হিন্দুত্ববাদীরা। সেলিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা অজিত প্রতাপ সিং।