সংবাদদাতা, বাগডোগরা: মঙ্গলবার দিনভর বিমান চলাচল বন্ধ থাকল বাগডোগরা বিমানবন্দরে। আগামী ২৩ জুন পর্যন্ত প্রতি মঙ্গলবার বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বাগডোগরা বিমানবন্দর থেকে সমস্ত বিমান চলাচল বন্ধ থাকবে। রানওয়ে মেরামত করার জন্য প্রত্যেক মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখা হবে। রানওয়েতে বিমানের টায়ারের ঘর্ষণের ফলে জমে থাকা রবারের স্তর পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার তথ্য এটিসি এবং পাইলটদের জানানো হয়। ব্রেকিং ব্যবস্থা ঠিক রাখতেই রানওয়ের সংস্কার করা হচ্ছে। প্রতিদিন গড়ে ৩৬ জোড়া অসামরিক বিমান চলাচল করে বাগডোগরা বিমানবন্দর থেকে । এদিন বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন সংস্থার সব বিমান আগেই বাতিলের ঘোষণা আগেই করা হয়েছিল। ফলে যাত্রীদের কোনো সমস্যা হয়নি। বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর নাভিদ নাজিম বলেন, রানওয়ের ফ্রিকশন টেস্টিং পরিমাপ করা এবং রক্ষণাবেক্ষণ করার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ফ্রিকশনের স্তর নির্ধারিত সীমার নীচে নেমে গেলে রানওয়ে পিচ্ছিল হয়ে যায়। নিরাপত্তার গুরুত্ব বিবেচনা করে রানওয়ে রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি। পূর্ব নির্ধারিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিমান সংস্থাগুলি তাদের নিজস্ব উড়ান সূচি তৈরি করছে বলে যাত্রীদের কোনো সমস্যা হবে না।