এবার আমিই জিতব, নিশীথ গড়ে দাঁড়িয়ে সদর্পে ঘোষণা উদয়নের
বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
রাজীব বর্মন, দেওয়ানহাট: বিধানসভা ভোটে দিনহাটা আসনে জয়ের বিষয়ে ‘কনফিডেন্ট’ তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। প্রচারে এসে ভোটের আগেই তৃণমূল প্রার্থী বলছেন এবারের ভোটে দিনহাটা বিধানসভা কেন্দ্রে তিনিই জিতবেন। একুশের বিধানসভা ভোটে মাত্র ৫৭ ভোটে ভেটাগুড়ির বাসিন্দা বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হতে হয় তাঁকে। মঙ্গলবার সেই ভেটাগুড়িতে ভোটপ্রচারে আসেন দাপুটে নেতা প্রার্থী উদয়ন গুহ। প্রচারে এসে রুয়েরকুঠিতে তিনটি বুথে খুলি বৈঠক করেন। এরপর বিকেলে ভেটাগুড়ি বাজারেও প্রচার করেন।
উত্তরপাড়ায় খুলি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী উদয়ন গুহ বলেন, এটা শুনে রাখুন, উত্তরপাড়ার মানুষ কী করবে আমি জানি না। তবে যা পরিস্থিতি আছে এই বিধানসভা কেন্দ্রে আমিই জিতব। সব জায়গার মানুষ তৈরি হয়ে আছে। বিজেপির উপর মানুষ এতটাই ক্ষিপ্ত। আজকে প্রায় ভোট হওয়ার ২৫ দিন আগে আমি বলে যাচ্ছি। আপনারা মিলিয়ে নেবেন এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে আমি জিতব। তিনি আরও বলেন, গতবারের এখানকার বিজেপি প্রার্থী এবার আর এখানে দাঁড়ানোর সাহস পাননি। তিনি হারার ভয়ে আগেই মাঠ ছেড়ে মাথাভাঙায় পালিয়েছেন।
যদিও শাসকদলের প্রার্থীর দাবিকে বিজেপির কটাক্ষ, তৃণমূলের প্রার্থী স্বপ্ন দেখুক। আর কয়েকটা দিন। ভোটের রেজাল্ট বের হলে তো তাঁকে আর দেখা যাবে না।
একুশের বিধানসভা ভোটেও দিনহাটা আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন উদয়ন। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন নিশীথ প্রামাণিক। বিজেপি প্রার্থীর কাছে মাত্র ৫৭ ভোটের ব্যবধানে পরাজিত হতে হয় তাঁকে। যদিও সেই বছরই ওই বিধানসভা আসনে উপনির্বাচনে জয়ী হন উদয়ন। তবে এবারে ভোট ঘোষণার অনেক আগে থেকেই ময়দানে নেমে পড়েন তিনি। অঞ্চল ধরে ধরে জনসংযোগ করতে শুরু করেন। ফলে ভোটের আগে অনেকটাই ‘কনফিডেন্ট’ দিনহাটার তৃণমূল প্রার্থী।
দিনহাটার বিজেপি প্রার্থী অজয় রায় বলেন, তৃণমূলের প্রার্থীকে কোন জ্যোতিষী ওই কথা বলছেন সেটা জানি না। ভোটের যে কয়েকটা দিন বাকি আছে স্বপ্ন দেখতে থাকুক। মানুষ তৈরি হয়ে আছে। ৪ মে ফল ঘোষণার পর তাঁর সেই স্বপ্ন ভেঙে যাবে।