• শ্বশুর বামপ্রার্থী, জামাই তৃণমূলের, লড়াইয়ে শেষ হাসি দেখতে মুখিয়ে শালতোড়াবাসী
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
  • রঞ্জুগোপাল মুখোপাধ্যায়, বাঁকুড়া: শালতোড়ায় শ্বশুর-জামাইয়ের লড়াইকে কেন্দ্র করে ভোট-যুদ্ধ জমে উঠেছে। এবারের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে বামপন্থী শ্বশুরের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হিসাবে নেমেছেন জামাই। বাড়িতে ‘জামাই আদর’ থাকলেও ভোটের ময়দানে বিনাযুদ্ধে ‘সূচাগ্র মেদিনী’ না ছাড়ার পণ করেছেন স্কুলশিক্ষক শ্বশুর। ঘাসফুল শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা জামাই অবশ্য শ্বশুরকে কিঞ্চিত সম্মান দিয়েই প্রচার করছেন। 

    এবার সিপিএম নন্দদুলাল বাউরিকে শালতোড়া আসনে প্রার্থী করেছে। তিনি সম্পর্কে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বাউরির মামাশ্বশুর। মঙ্গলবার কানুড়ি অঞ্চলে প্রচারের ফাঁকে নন্দদুলালবাবু বলেন, উত্তমের সঙ্গে আত্মীয়তা থাকলেও ভোটের ময়দানে সে বিপক্ষ শিবিরের প্রার্থী। আমরা তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক প্রচার করছি। তৃণমূলের সঙ্গে প্রার্থীকেও পরাজিত করার ডাক দেওয়া দেওয়া হচ্ছে। ভোটে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করাই আমাদের মূল লক্ষ্য।

    উত্তমবাবু বলেন, সিপিএম প্রার্থী সম্পর্কে আমার স্ত্রীর মামা। শ্বশুরের বিরুদ্ধে ভোটে লড়াই করার জন্য অনেক টিপ্পনি সহ্য করতে হচ্ছে। তবে পারিবারিক সম্পর্ক তো আর অস্বীকার করতে পারি না। ভোটে সিপিএম প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করিনি। উনিও আমার নামে কিছু বলেছেন বলে শুনিনি। সিপিএম ও বিজেপি শালতোড়ায় এবার দ্বিতীয় হওয়ার জন্য লড়াই করছে। মানুষ আমাদের উপর আস্থা রাখবে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দনা বাউরি বলেন, সিপিএম ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দেয়। তবে এবার তৃণমূল বিরোধী সব ভোট আমরাই পাব। শ্বশুর-জামাই ‌একযোগে পরাজিত হবেন। 

    উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শালতোড়ায় চন্দনাদেবী চার হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। সেবার সিপিএম সাত শতাংশ ভোট পেয়েছিল। একসময় ওই আসন বামেদের দখলে ছিল। তখন শালতোড়া ছিল জেলার লালদুর্গ। পরে বামেদের শক্তি ক্ষয় হয়। সেখানে প্রথমে তৃণমূল ও পরে বিজেপি শক্তিশালী হয়ে ওঠে। চন্দনাকেই ফের এবার বিজেপি শালতোড়ায় প্রার্থী করেছে। গতবারের প্রার্থী নন্দদুলালবাবুকে সিপিএম ফের টিকিট দিয়েছে। নন্দদুলালবাবুর বাড়ি শালতোড়া ব্লকের তিলুড়ি অঞ্চলের বাঘুলিয়া গ্রামে। তিনি তিলুড়ি কৃপাময়ী উচ্চ বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক। 

    তৃণমূল প্রার্থী উত্তমবাবু শালতোড়া পঞ্চায়েত সমিতির সদস্য। তিনি দলের শালতোড়া ব্লকের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। উত্তমবাবুর বাড়ি শালতোড়া ব্লকেরই সালমা অঞ্চলের বাঘুলিয়া গ্রামে। সিপিএম ও বিজেপির পাশাপাশি তৃণমূল প্রার্থীও শালতোড়ায় জমিয়ে প্রচার করছেন। এবার শালতোড়ায় প্রার্থী ঘোষণা করতে বামেরা কিছুটা দেরি করে। নাম ঘোষণার পর সিপিএম প্রার্থী শালতোড়া ব্লকে প্রচার করেন। পরে ওই বিধানসভার অন্তর্গত মেজিয়া ও গঙ্গাজলঘাটি ব্লকেও প্রচারে যাবেন বলে সিপিএম প্রার্থী জানিয়েছেন। তৃণমূল প্রার্থী অবশ্য শুরু থেকেই প্রচারে ঝাঁপিয়েছেন। শালতোড়ায় নেতাকর্মীরা একজোট হয়ে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করছেন। জেলা তৃণমূল নেতৃত্বও শালতোড়ায় গিয়ে দলের প্রার্থীর হয়ে প্রচার সারছেন। 
  • Link to this news (বর্তমান)