সংবাদদাতা দুর্গাপুর : বেনাচিতির পর এবার মায়াবাজারে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে উঠল। মঙ্গলবার দুর্গাপুর পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডে প্রচারে যান দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। সঙ্গে ছিল দলীয় কর্মী-সমর্থকদের মিছিল। কিন্তু এলাকায় পৌঁছাতেই শুরু হয় ‘জয় বাংলা’ স্লোগান অন্যদিকে পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। তবে এদিন শুধু স্লোগানেই থেমে থাকেনি পরিস্থিতি। স্থানীয়দের একাংশ বিজেপি প্রার্থীকে দেখে ডিভিসির বস্তি উচ্ছেদের সময় অনুপস্থিতির অভিযোগ তোলেন। এতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং বচসা বাড়তে থাকায় শেষমেশ বিজেপি কর্মী-সমর্থকদের এলাকা ছাড়তে হয়। বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই অভিযোগ করেন, তৃণমূল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। নিজেদের লোককে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে বিজেপির লোক বলে দেখানো হচ্ছে। নিজেদের দেওয়ালে নিজেরাই পোস্টার ছিঁড়ে সেখানে গোবর মাখিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। যেখানেই প্রচারে যাচ্ছি সেখানেই দু তিনজন ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে। এই তিন সংস্কৃতি এখন দুর্গাপুরে চালু করেছে তৃণমূল।
অন্যদিকে জেলা তৃণমূল সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় পালটা কটাক্ষ করে বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। মানুষই প্রশ্ন করছেন, পাঁচ বছর কোথায় ছিলেন? বস্তি ভাঙার সময় বুলডোজারের সামনে লক্ষণ ঘোড়ুই এবং তখনকার সাংসদ আলুওয়ালিয়া শোওয়ার কথা বলেছিলেন, কিন্তু তখন তাঁদের দেখা যায়নি। পাঁচ বছরে লক্ষ্ণণবাবুকে দেখা গিয়েছিল শুধু ভোজ বাড়িতে। এখন ভোটের আগে বেরোলে মানুষ তো জবাব চাইতেই পারেন।