হুগলির পাঁচ জায়গায় মনোনয়ন জমা, সবুজ সংকেত কমিশনের
বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মনোনয়ন নিয়ে প্রস্তুতি আগেই শুরু করেছিল হুগলি জেলা নির্বাচন কমিশন। এবার মনোনয়নপত্র দাখিলের জন্য নির্বাচিত স্থানগুলি পরিদর্শন করে ব্যবস্থাপনা চূড়ান্ত করা হল। মঙ্গলবার জেলাজুড়ে সেই ব্যবস্থাপনা ও নিরাপত্তা খতিয়ে দেখে কমিশনের দল। জেলার মোট পাঁচটি কেন্দ্রকে চূড়ান্ত করা হয়েছে। জানা গিয়েছে, ওই পাঁচটি জায়গাতেই উত্তরপাড়া থেকে তারকেশ্বর পর্যন্ত ১৪টি বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন পেশ করা যাবে। কমিশন জানিয়েছে, শ্রীরামপুর কোর্ট কম্পাউন্ডে উত্তরপাড়া, শ্রীরামপুর ও চাঁপদানি বিধানসভা আসনের মনোনয়ন জমা হবে। শ্রীরামপুরের ডেনিস গর্ভনর হাউসে চণ্ডীতলা ও জাঙ্গিপাড়া আসনের মনোনয়ন জমা হবে। চন্দননগর, সিঙ্গুর, হরিপাল ও তারকেশ্বর কেন্দ্রের মনোনয়ন জমা হবে চন্দননগর মহকুমা শাসকের ভবনে। চুঁচুড়ার পুরানো প্রশাসনিক ভবনে চুঁচুড়া, বলাগড়, সপ্তগ্রাম বিধানসভার মনোনয়ন পর্ব সারা হবে। আর চুঁচুড়ার নতুন প্রশাসনিক ভবনে পাণ্ডুয়া ও ধনেখালি আসনের প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন।