• পরস্পরকে হুমকি, প্রচারের শুরুতেই চরমে আরাবুল ও শওকতের বাগযুদ্ধ
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আরাবুল ইসলাম আইএসএফের প্রার্থী হতেই সরগরম ক্যানিং পূর্ব বিধানসভা। সেখানকার বর্তমান বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার সঙ্গে শুরু হয়েছে তাঁর বাগযুদ্ধ। একে অপরের বিরুদ্ধে হুংকার ছাড়ছেন দুজনেই। তৃণমূলে থাকার সময় দু’পক্ষের মধ্যে প্রায় বাগবিতণ্ডা চলত। এখন ভোটের ময়দানে নেমে দুজনেই প্রতিদ্বন্দ্বী। যদিও দুজনের বিধানসভা কেন্দ্র আলাদা। 

    কিন্তু ক্যানিং পূর্বে তৃণমূলের দুর্গ যাতে অক্ষত থাকে তার জন্য দলীয় প্রার্থীকে নিয়ে শওকত একপ্রকার প্রচারে ঝড় তুলেছেন সেখানে। আরাবুল ক্যানিং পূর্বের বিভিন্ন অঞ্চলে প্রচার শুরু করতেই এই দুই যুযুধানের মধ্যে ফের নতুন করে তোপ ছোড়া শুরু হয়েছে।

     আরাবুলের অভিযোগ, তিনি প্রচার করতে যেখানে যাচ্ছেন সেখানে অলিখিত ফতোয়া জারি করা হচ্ছে। দোকানপাট বন্ধ করার নির্দেশ দিচ্ছে শওকত। এমনকি আইএসএফ কর্মীরা মিছিলে হাঁটলে তাঁদের বাড়িতে হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এই নিয়ে সরব হয়েছেন তৃণমূলের এই প্রাক্তন নেতা। তিনি সরাসরি শওকতকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর বক্তব্য, আমি ঘটকপুকুরে যদি বসে থাকি শওকত ভাঙড়ে ঢুকতে পারবে না। আইএসএফের কর্মী-সমর্থকরা ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাঁরা লড়াই করে অধিকার বুঝে নেবে। এছাড়াও বিভিন্ন সভা থেকে আরাবুলকে তীব্র আক্রমণ করত শোনা গিয়েছে শওকত ও অন্যান্য তৃণমূল নেতাদের। ভোট যত এগিয়ে আসছে ততই যেন ঝাঁঝ বাড়ছে ক্যানিং পূর্বে। আরাবুল ইসলাম প্রসঙ্গে শওকত মোল্লা বলেন, উনি বসে পড়বেন নাকি শুয়ে পড়বেন সেটা ওঁর ব্যাপার। যত দিন যাচ্ছে, উনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। নৌশাদ সিদ্দিকি ওকে টিকিট দিয়ে জব্দ করেছেন। যাইহোক আমার পিছনে না লেগে আরাবুল চেষ্টা করুক কয়েকটা ভোট জোগাড় করতে। যাতে ওর জামানত জব্দ না হয়।
  • Link to this news (বর্তমান)