কাকদ্বীপে চার বুথে নাম বাদ ৩২৫ জনের দফায় দফায় বিক্ষোভ উত্তাল রামগোপালপুর
বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ : অপেক্ষা ছিল সাপ্লিমেন্টারি তালিকার। তাতেও নাম উঠল না বহুজনের। বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত। মঙ্গলবার সকাল থেকে এই গ্রাম পঞ্চায়েতের বিশাই মোড়ে গ্রামবাসীরা দফায় দফায় বিক্ষোভ দেখান। রাস্তার মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে স্লোগান তোলেন। তাঁদের অভিযোগ, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও, বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এই গ্রাম পঞ্চায়েতে মোট ১৫টি বুথ রয়েছে। প্রতি বুথে অন্তত তিন থেকে চার জনের নাম বাদ গিয়েছে। তবে ২১৯, ২১৫, ২২৩ ও ২২০ নম্বর বুথে সবচেয়ে বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। স্থানীয়দের দাবি, ২১৯ নম্বর বুথে ১৯১ জন ভোটারের নাম বিচারাধীন ছিল। তার মধ্যে ১৮১ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ২১৫ নম্বর বুথে ৮৪ জনের মধ্যে ৮০ জন ও ২২৩ নম্বর বুথে ৫৩ জনের মধ্যে ৫০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এছাড়াও ২২০ নম্বর বুথে ১৭ জন বিচারাধীনের মধ্যে ১৪ জনের নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ চারটি বুথে ৩৪৫ জনের মধ্যে নাম বাদ গিয়েছে ৩২৫ জনের। এক্ষেত্রে, বাদ যাওয়া তালিকায় সেনাবাহিনী ও স্বাধীনতা সংগ্রামীর ভাতা পাওয়া পরিবারও রয়েছে। এবিষয়ে কাকদ্বীপ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্টুরাম পাখিরা বলেন, ‘রামগোপালপুর পঞ্চায়েতের বাসিন্দারা বংশপরম্পরায় সেখানে বাস করছেন। এঁরা সবাই ভারতীয় নাগরিক। তাঁদের নাম কেটে ভোটে বিজেপিকে জেতানোর জন্য নির্বাচন কমিশন এই খেলা খেলছে। আমরা কোনোভাবে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে দেব না।’
কংগ্রেস প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ বলেন, ‘শুধু পশ্চিমবঙ্গে নয়, এসআইআরের নামে দেশজুড়ে নির্বাচন কমিশন ও বিজেপি একটা শ্রেণিকে টার্গেট করেছে। কোনো বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।’ বিজেপির প্রার্থী দীপঙ্কর জানা বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা। বিজেপির সঙ্গে কোনো যোগ নেই। বিজেপি চায়, প্রত্যেক বৈধ ভোটারের নাম যেন তালিকায় থাকে। অবৈধ ভোটারের নাম যেন বাদ দেওয়া হয়। রামগোপালপুরের বৈধ ভোটারদের অধিকার রক্ষার দাবিতে দলের পক্ষ থেকে আবেদন জানানো হবে।’ নিজস্ব চিত্র