• এখনও বদল হল না বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী, তুঙ্গে বিতর্ক
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিজেপির চতুর্থ তালিকা প্রকাশিত হল মঙ্গলবার। গত কয়েকদিন ধরে দলীয় কর্মীদের লাগাতার বিক্ষোভের জেরে ময়নাগুড়িতে প্রার্থী বদল করতে বাধ্য হল বিজেপি। অথচ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর আসনে তফসিলি জাতির প্রার্থীর বদলে জেনারেল ক্যাটিগরির মুখ ঘোষণা করেও প্রার্থী পরিবর্তনের নাম করছে না পদ্ম পার্টি।

     স্বভাবতই সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে কি এখানে বিজেপি যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না? রাজ্যে যেসব সংরক্ষিত আসন রয়েছে, সেখানে সব দলই সেই মতো প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু ব্যতিক্রম শুধু বিজেপি। বিষ্ণুপুরের মত হাই প্রোফাইল কেন্দ্র যেখানে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, সেখানে কীভাবে এমন বড়ো ভুল করল পদ্ম শিবির সেটাই আশ্চর্যের। 

    নির্বাচন ঘোষণার পর কেটেছে দু’সপ্তাহ। রাজ্যের এই একমাত্র আসন যেখানে প্রার্থী হয়েও রাস্তায় নামতে পারছেন না তিনি। রাজনৈতিক মহলের অভিমত, ভুল হওয়ার পর, সেটা দ্রুত শুধরে নেওয়া উচিত ছিল বিজেপির। কিন্তু তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত। ফলে এই আসনে প্রচারের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। এ ব্যাপারে অবশ্য ডায়মন্ডহারবার সংগঠনিক জেলার নেতৃত্ব খুব বেশি মন্তব্য করতে চাইছে না। আগামী কাল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফা ভোটের মনোনয়ন পর্ব। তার আগে এই আসনে নতুন প্রার্থী দিতে পারবে বিজেপি? প্রশ্ন থাকছে।
  • Link to this news (বর্তমান)